প্রার্থী আমি নই, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন স্বপন দেবনাথ
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রটির প্রতি সকলেরই দৃষ্টি রয়েছে। কারণ এই বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ, যিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও বটে। ইতিমধ্যেই তিনি তার এলাকায় জোরদার প্রচার শুরু করেছেন। পায়ে হেঁটে বাজার দোকানসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন তিনি। এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, দলের নেতাকর্মীদের মনে রাখতে হবে এখানে প্রার্থী আমি নই, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যার হাত ধরে রাজ্যে ৯৪ টি বেশি সরকারি প্রকল্প কার্যকর হয়েছে। এই সমস্ত প্রকল্পের সুবিধা, প্রতিটি এলাকার কোনো না কোনো মানুষ নিয়মিত পাচ্ছেন। সেই কথাটাই মানুষের কাছে দলের কর্মীদের পৌঁছে দিতে হবে। আর তারজন্যই তাদের বাড়ি বাড়ি পৌঁছতে হবে। স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এখানে বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। রাস্তাঘাট, ড্রেন সহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ যেমন হয়েছে, তেমনই এখানে কাপড়ের হাট করা হয়েছে, হস্তশিল্পীদের বিপণনের ব্যবস্থা করা হচ্ছে, স্থানীয় এলাকায় মুখ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় পাঁচটি এলাকায় জেটি তৈরী হয়েছে। এরফলে স্থানীয় মানুষরা গঙ্গা পারাপারের সুবিধা পাচ্ছেন। স্থানীয় স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা হয়েছে। সার্বিক এই উন্নয়নের বিষয়গুলি সবসময় গুরুত্ব পেয়েছে। স্বপনবাবু আরও বলেন, পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথ এলাকায় স্থানীয় মানুষের চাহিদাকে পূরণের লক্ষ্যে ১০ লক্ষ টাকা ব্যয় করে উন্নয়নের কাজ চলছে। স্বাভাবিকভাবেই রাজ্যে এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করানোর লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হতে হবে।


