
প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেপ্তার, শহরে চাঞ্চল্য
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেপ্তার করা হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের দিনদয়াল উপাধ্যায় জংশন (মোগলসরাই) এলাকা থেকে তাকে রবিবার ভোট প্রায় পাঁচটা নাগাদ পুলিশ আটক করে। পরে স্থানীয় আদালতে তাকে হাজির করানো হয় ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা সংগঠিত করা, হুমকি দেওয়া, মারধর ও তোলাবাজি সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই সময় একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে সেই মামলাগুলির নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি বলে জানা যায়। সূত্র মারফত জানা যায়, আটক হওয়ার পর খোকন দাস তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তাই চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক পর্যবেক্ষণের পর তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে আনার ব্যবস্থা করছে পুলিশ। সম্ভবত, তাকে সোমবার পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় শহরের রাজনৈতিক মহলে যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


