পূর্ব বর্ধমান থেকে মন্ত্রী হলেন দুজন

 


পূর্ব বর্ধমান থেকে মন্ত্রী হলেন দুজন

পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার ১৪ টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। তার মধ্যে যেমন রয়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র, তেমনই রয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকা আউশগ্রাম বিধানসভা কেন্দ্র। এবার এই দুটি বিধানসভা কেন্দ্রের বিজয়ী দুই প্রার্থী রাজ্য মন্ত্রীসভায় স্থান পেলেন। দুজনেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। ১ জুন কলকাতার লোকভবনে তাদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। শপথ নিলেন বর্ধমান দক্ষিণ থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। একইসঙ্গে শপথ নিলেন আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক কলিতা মাঝি।
প্রসঙ্গতঃ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বরাবরই বিজয়ী প্রার্থীরা মন্ত্রী হয়েছেন। ৭০-এর দশকে কংগ্রেস সরকারের মন্ত্রীসভায় এখান থেকে নির্বাচিত প্রার্থী হিসেবে মন্ত্রী ছিলেন প্রদীপ ভট্টাচার্য। এরপর বামফ্রন্টের আমলে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হন বিনয় চৌধুরী। বর্ধমান দক্ষিণ এবং উত্তর মিলিয়ে বামফ্রন্টের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন নিশীথ অধিকারী ও পরবর্তীতে মন্ত্রী হন নিরুপম সেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীসভায় বর্ধমান দক্ষিণ থেকে নির্বাচিত প্রার্থী হিসেবে মন্ত্রী হন অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। পুনরায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি সরকার গঠন করলে, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র রাজ্য মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।