পাড়ায় সমাধান প্রকল্পে আবেদনের ভিত্তিতে হাইমাস লাইট
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গুইর গ্রামে পাড়ায় সমাধান প্রকল্পে আবেদনের ভিত্তিতে হাইমাস লাইট বসানো হলো। কয়েকদিন আগেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। দ্রুততার ভিত্তিতে কাজ শেষ হওয়ার পর ১০ জানুয়ারি প্রকল্পের উদ্বোধন হলো। এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শাহজাহান মন্ডল, পঞ্চায়েত সদস্য নীলুফা বেগম, পঞ্চায়েত সমিতির সদস্য টুম্পা বাগ সহ স্থানীয় বিশিষ্টজন ও গ্রামের মানুষজন। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে বাস্তবায়িত করেছেন। তারজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এই প্রকল্প খাতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ১৯০ টাকা। এরফলে স্থানীয় মানুষজন খুবই উপকৃত হবেন। পঞ্চায়েত প্রধান শাহজাহান মন্ডল বলেন, এলাকার মানুষের প্রয়োজনের ভিত্তিতে এখানে এই হাইমাস লাইট বসানো হলো। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। নীলুফা বেগম বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হল। স্থানীয় মানুষরাও তারজন্য খুবই খুশি।


