1
কেন্দ্রীয় সরকার প্রদত্ত স্কচ অ্যাওয়ার্ড পেল পূর্ব বর্ধমান জেলা
২০২৫ এর জন্য ওডিএফ প্লাস মডেল ভিলেজ নির্মাণে কেন্দ্রীয় সরকার প্রদত্ত স্কচ অ্যাওয়ার্ড পেল পূর্ব বর্ধমান জেলা। এক্ষেত্রে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতকে মডেল ভিলেজ হিসেবে তুলে ধরা হয়েছিল। সারা দেশের বিভিন্ন রাজ্যের মডেল ভিলেজের সঙ্গে প্রতিযোগিতায় সেরা স্থান অধিকার করে পূর্ব বর্ধমান জেলার এই মডেল ভিলেজ। ১১ জানুয়ারি দিল্লীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার প্রদত্ত এই স্কচ অ্যাওয়ার্ড গ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সচিব সমরজিৎ চক্রবর্তী। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, একটি মডেল ভিলেজ গড়ে তোলার লক্ষ্য হলো পরিচ্ছন্ন গ্রাম নির্মাণ। সেই কাজে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৩২ টি গ্রামকে নিয়ে মডেল ভিলেজের কাজ শুরু করি। বর্তমানে আরও ১০০ টি গ্রামকে নিয়ে এই মডেল ভিলেজ নির্মাণের কাজ চলছে। পরবর্তী পর্যায়ে জেলার ২১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়েই মডেল ভিলেজ প্রকল্প কার্যকর হবে। এক্ষেত্রে মূলত প্লাস্টিক ও আবর্জনা মুক্ত গ্রামীণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি গ্রামের সার্বিক পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
2
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রান ফর ইউথ
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রান ফর ইউথ অনুষ্ঠিত হলো বর্ধমান শহরে। এদিন সকাল সাতটায় গোলাপবাগ মোড় থেকে রান ফর ইউথ শীর্ষক ম্যারাথন দৌড় শুরু হয়। এই দৌড় প্রতিযোগিতা শেষ হয় বর্ধমান পুলিশ লাইনে।
হাজারের উপর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। বর্ধমানের শিশির সাথী ফাউন্ডেশনের সম্পাদক রাসবিহারী হালদারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ। স্বপন দেবনাথ বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি। তিনি ভারতীয় যুব সমাজের কাছে পথিকৃৎ। তাঁর আদর্শকে সামনে রেখে আমাদের যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তাঁর এই জন্মদিনে রান ফর ইউথ এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক উদ্যোগ। এই উদ্যোগের যারা সাথী হয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই।


