খণ্ডঘোষে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন || এসএফআই বর্ধমান শহর ৪ নম্বর জোন ইউনিটের সম্মেলন || রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমানে


1
খণ্ডঘোষে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো‌। খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারী। ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহঃ অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, সগড়াই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মির্জা জাকির হোসেন প্রমুখ। এদিন ব্লক অফিসে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে তারা প্রত্যেকেই মাল্যদান করেন। অপার্থিব ইসলাম বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময় যেভাবে দেশজুড়ে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের বাণীকে আমাদের সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

2
এসএফআই বর্ধমান শহর ৪ নম্বর জোন ইউনিটের সম্মেলন

এসএফআই-এর বর্ধমান শহর ৪ নম্বর জোন ইউনিটের ২৯ তম সম্মেলন অনুষ্ঠিত হলো। কর্মচারী ভবন বড়নীলপুর এলাকায় প্যালেস্টাইন ও ভেনেজুয়েলা সংহতি নগর এবং সীতারাম ইয়েচুরি মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ইউনিট এলাকার স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে। সম্মেলন শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন অরিজিৎ রায়। উদ্বোধনী বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী। সম্মেলনে সাংগঠনিক খসড়া পাঠ করেন সৌম্যদীপ দত্ত। সাংগঠনিক খসরার ওপর ছাত্রীদের পক্ষ থেকে রিপোর্টিং করেন ইভানা মহাপাল, স্কুল ছাত্রদের পক্ষ থেকে রিপোর্ট করেন রুপম বোস। বিবেকানন্দ কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অর্পিতা ঘোষ। সম্মেলনে বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক অমৃত রায় এবং জেলা কমিটির সদস্য সামিমা খাতুন। বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে পর্যবেক্ষণ মূলক বক্তব্য রাখেন বর্ধমান শহর লোকাল কমিটির সভাপতি সৌরভ দাস।
সম্মেলন শেষে সর্বসম্মতিতে ৯ জনের সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। ২৯ তম সম্মেলন থেকে নবনির্বাচিত সভাপতি হন অরিজিৎ রায় এবং নবনির্বাচিত সম্পাদক হন সৌম্যদীপ দত্ত।

3
রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমানে

গীত সংগীত সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নৃত্য, সংগীত, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যস্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বর্ধমানে। আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ অর্পিতা ব্যানার্জী বলেন, এই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। নাচ, গান, আবৃত্তি, অংকন প্রতি ক্ষেত্রেই চারটি করে বিভাগ রয়েছে। এক হাজার প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। অর্পিতা ব্যানার্জী জানান, তাদের মূল শাখা হলো ভাতাড়ে। এছাড়াও বর্ধমান ও আমারুণে তাদের দুটি শাখা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে সারা বছরই সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে শিক্ষা প্রদান করা হয়।