পাড়ায় সমাধান কর্মসূচীর পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং- এর উদ্যোগ


পাড়ায় সমাধান কর্মসূচীর পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং- এর উদ্যোগ

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের সরঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। আর এই কর্মসূচীর পাশাপাশি এই স্কুলেই আজকের প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কাউন্সেলিং। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন Seacom স্কিলস ইউনিভার্সিটি সহ উপাচার্য প্রফেসর পিকে দাঁ, সিকম স্কিলস ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসির অধ্যক্ষ প্রফেসর রণবীর চন্দ, ওই বিশ্ববিদ্যালয়ের চিফ মার্কেটিং অফিসার প্রবালকান্তি ব্রহ্ম, বি বি আই টি-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সায়ন দাস, ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর ডঃ কৃষ্ণেন্দু প্রামাণিক, দুর্গাপুর আর্যভট্ট ইন্সটিটিউটের মার্কেটিং অফিসার শুভদীপ সিং রাজপুত, খণ্ডঘোষ বিডিও অফিসের সমবায় দপ্তরের সিআই ম্যাডাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, রাধাকান্ত মন্ডল, সরঙ্গা স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, সিরাজুল ইসলাম প্রমুখ। অপার্থিব ইসলাম বলেন, এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ অত্যন্ত সময়োপযোগী। কারণ ছাত্র-ছাত্রীরা অনেকেই ভালো ফলাফল করলেও নিজেদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তাই ক্যারিয়ার কাউন্সিলিং কর্মসূচী তাদের সঠিক দিক নির্দেশ করতে সাহায্য করবে। এই ধরনের প্রচেষ্টা আজকের প্রজন্মের ছেলেমেয়েদের ভবিষ্যতের দিশা দেখানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। উপস্থিত ছিলেন উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, উপপ্রধান প্রভাত রায় সহ উপরিদ অঞ্চলের বিশিষ্ট মানুষজন