নিজের কাজের মাঝেই মাঠে কর্মরত খেতমজুরদের সঙ্গে ভাতও খেলেন মন্ত্রী

তারা হতদরিদ্র আদিবাসী দিনমজুর হলেই বা, তিনি যে সকলেরই পাশে আছেন একথা বারবারই প্রমাণ করেছেন। আর তেমনই এক প্রতিচ্ছবি ধরা পড়লো পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মুড়ি গঙ্গার পাড়ে। মানুষটি হলেন
মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত চাপাহাটিতে মুড়িগঙ্গার পাড়ে, মুড়িগঙ্গা সংস্কারের কাজ দেখতে গিয়ে চাষের জমিতে কর্মরত খেতমজুরদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী। দেখা করে তাদের শুধু খোঁজখবরই নিলেন না এই হতদরিদ্র আদিবাসী খেতমজুরদের বাড়ি থেকে আনা খাবার দিয়ে তাদের সঙ্গে মাঠে বসেই সারলেন প্রাতঃরাশ। তারা সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এবং তাদের ছেলেমেয়েরা সবুজসাথী,কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেসব বিষয়েও জানতে চাইলেন। জেনে নিলেন তাদের সুবিধা-অসুবিধার কথাও। তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তাও জানতে চাইলেন। কথা বলতে বলতে তিনি আদিবাসী খেতমজুরদের সাথে মাঠে বসে তাদের বাড়ি থেকে আনা ভাত তরকারি দিয়ে সকালের খাবারও খান। এখানে এসে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা সংস্কারের জন্য ৪ কোটি টাকা অনুমোদন করেছেন। খুব শীঘ্রই মুড়িগঙ্গা সংস্কারের কাজ দ্রুততার সঙ্গে শুরু হবে। সেই বিষয়টি পর্যবেক্ষণ করতে এসেছেন তিনি।