1
ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ব্লক এলাকায় তৈরি স্বাস্থ্য দপ্তরের টিম
পূর্ব বর্ধমান জেলায় একদিকে যেমন ছটি পৌরসভা এলাকা রয়েছে, তেমনই আবার রয়েছে ২৩ টি ব্লক এলাকা। জেলার এই ২৩ টি ব্লক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান, আমরা বর্ষার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। ডেঙ্গু যাতে কোনোভাবেই প্রভাব বিস্তার করতে না পারে তারজন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত ডেঙ্গু প্রতিরোধে কি করণীয় সে বিষয়ে সচেতন করেছেন। বিভিন্ন এলাকায় মশক নিরোধক ওষুধ স্প্রে করা হয়েছে। গ্রামগুলিতে বিভিন্ন জায়গায় ব্লিচিং ছড়ানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা প্রত্যেকেই এক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে যথাযথভাবে প্রচারকার্য এখনও পর্যন্ত চলছে। ফলে পূর্ব বর্ধমান জেলায় এ বছর ডেঙ্গু অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিশ্বনাথবাবু জানান, জেলার ২৩ টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষকে ডেঙ্গু সংক্রান্ত পরিষেবা প্রদানে নির্দিষ্ট টিম তৈরি রয়েছে।
2
শহরে ২৫ নম্বর ওয়ার্ডে চলছে রাস্তা সংস্কারের কাজ
বর্ধমান পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ চলছে। এ প্রসঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলর অনুপ আচার্য জানিয়েছেন, অম্রুত প্রকল্পের কাজ করার সময় ওয়ার্ডের মূল সড়ক পথ থেকে শুরু করে গলির রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়। ফলে বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়। কিন্তু পাইপলাইন বসানোর কাজ দীর্ঘ সময় চলার ফলে এই রাস্তাগুলি সারানো সম্ভব হচ্ছিল না। এবার অম্রুত প্রকল্পের কাজ শেষ হয়েছে। ফলে ২৫ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ শুরু করা সম্ভব হয়েছে। লাকুর্ডি কাটরাপোঁতা এলাকায় সাতটি রাস্তা ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। তার মধ্যে দুটি বড় রাস্তা রয়েছে। যেগুলি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও পাঁচটি গলির রাস্তা ঢালাই করা হয়েছে। এই ওয়ার্ডে কোটালহাট, রাজগঞ্জ, মালিরবাগান, আঁকুরবাগান, জলকল কলোনিতে রাস্তা সংস্কার হয়েছে। মূলত সাধারণ মানুষ যাতে এই পথ দিয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন, সেদিকে নজর দিয়েছে পৌরসভা। সহযোগিতায় রাস্তাগুলির দ্রুত সারানো হচ্ছে।


