1
ক্রিকেট বিশ্বকাপে জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল
ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। মুম্বাইয়ে আয়োজিত এই ক্রিকেট ফাইনালের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের দীপ্তি শর্মা। তাদের এই জয় মনে করিয়ে দিল ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কথা। ইংল্যান্ডের মাটিতে কপিল দেবের নেতৃত্বে সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপে জয়লাভ করেছিল। এবারও প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস তৈরি করলো। তাদের এই জয়ে গর্বিত সারা দেশের মানুষ।
2
যুবশক্তি সম্মান প্রদান তিন তরুণ ভলিবল খেলোয়াড়কে
তিন তরুণ ভলিবল খেলোয়াড়কে যুবশক্তি সম্মান প্রদান করা হলো। তাদের এই সম্মাননা প্রদান করেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি এই তিন তরুণ খেলোয়াড়ের হাতে মেমেন্টো, উত্তরীয় ও একটি করে ভলিবল তুলে দেন। তিনি তাদের শুভেচ্ছাজ্ঞাপনের মধ্যে দিয়ে আগামী দিনে তাদের আরও বর্ণময় খেলোয়াড় জীবন গড়ে তোলার কথা বলেন। এদিনের অনুষ্ঠানে সম্মানিত করা হয় সিএমএস স্কুলের ছাত্র সায়ন্তন ভট্টাচার্যকে। সায়ন্তন অনূর্ধ্ব ১৪ জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ ভলিবল দলের হয়ে অংশগ্রহণ করে। এর পাশাপাশি সম্মানিত করা হয় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজের ছাত্র রোহান মন্ডলকে। সেও জাতীয় স্তরে খেলায় অংশ নিয়েছে। একইসঙ্গে সম্মানিত করা হয় বর্ধমান টাউন স্কুলের ছাত্র সূর্য সাহাকে। সূর্য ২০২৪ ও ২০২৫ সালে জেলা ভলিবল দলের হয়ে খেলেছে বলে জানা গেছে। রাসবিহারী হালদার বলেন, এই যুব প্রতিভাদের সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। আমি আশাবাদী, তারা আগামী দিনে এই জেলা তথা রাজ্যের মুখ আরও উজ্জ্বল করবে।


