এসআইআর নিয়ে খণ্ডঘোষ ব্লকের চরমানায় সচেতনতা কর্মসূচী
মঙ্গলবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে সারা রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের উদ্যোগে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়। ২ নভেম্বর খণ্ডঘোষের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরমানাতে ১৩৫ নম্বর বুথের বাসিন্দাদের সঙ্গে মিলিত হন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা এখানকার বাসিন্দা তাদের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর-এর জন্য যে ফর্ম ফিলাপ করতে হবে সে বিষয়ে সকলকেই সহযোগিতা করবেন তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এ ব্যাপারে ইতিমধ্যেই সাধারণ মানুষকে সচেতন করার জন্য বুথে বুথে সভা করা হয়েছে। তিনি উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, কারো কোনো সমস্যা হলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের কাছে বিষয়টি তারা জানাতে পারেন। এই সমস্যার সমাধানে সবরকম ভাবে দলের পক্ষ থেকে প্রচেষ্টায় নেওয়া হবে।


