জামালপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ সভা

 

 

 

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালে ১৭ নভেম্বর জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামে তৃণমূল কর্মী উত্তম ভুল সিপিএমের হাতে খুন হন। সেইসময় এই ঘটনায় জামালপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জামালপুরে। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। এখন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায়। কিন্তু দল এখনও ভোলেনি সেদিনের শহীদদের। প্রতিবছর জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালীতে উত্তম ভুলের স্মরণে সভা করা হয়। এবারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন কুমার দে, প্রধান আরিফা মন্ডল। ছিলেন উত্তম ভুলের স্ত্রী ও দুই পুত্র। উত্তম ভুলকে স্মরণ করে মেহেমুদ খান জানান, উত্তম ভুলের মতো যাঁরা জামালপুরে দলের জন্য শহীদ হয়েছেন তাঁদের কথা ভোলার নয়। তাঁদের এই আত্মত্যাগের জন্যই আজ দল ক্ষমতায় এসেছে। উত্তম ভুল দলের জন্য শহীদ হয়েছেন। তাঁকে কোনোদিন ভুলে যাবেন না এখানকার তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। সেদিনের শহীদদের স্বপ্ন পূরণ করা এখন তাঁদের কাজ। আজকের এই স্মরণ সভায় প্রচুর সংখ্যায় কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। মেহেমুদ খান বলেন, সেদিনের শহীদদের স্মরণ করার মধ্যে দিয়ে আমরা আজকের প্রজন্মের দলের নেতা ও কর্মীদের কাছে তাদের অবদানের কথা তুলে ধরতে চাই। সেই কারণেই এই শহীদ স্মরণ সভার আয়োজন।