গ্যাস সিলিন্ডার বিতর্ক এবার খণ্ডঘোষে, ডেলিভারি মেসেজের পরও সিলিন্ডার না মেলায় ক্ষোভ


গ্যাস সিলিন্ডার বিতর্ক এবার খণ্ডঘোষে, ডেলিভারি মেসেজের পরও সিলিন্ডার না মেলায় ক্ষোভ

জেলার খণ্ডঘোষ ব্লকের পোলেমপুর এলাকায় গ্যাস সিলিন্ডার ডেলিভারি ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার। মোবাইলের মাধ্যমে গ্যাস বুকিং করার পর গ্রাহকের কাছে ওটিপি আসে এবং পরদিনই ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে ক্যাশমেমো নম্বরসহ মেসেজও পৌঁছয়। কিন্তু বাস্তবে সেই গ্রাহক সিলিন্ডার হাতে পাননি বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের বাসিন্দা স্বরাজ ঘোষ এই ঘটনার শিকার। তার দাবি, নিয়ম মেনে বুকিং করার পরেও কেন এই ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে তিনি ক্ষুব্ধ। শুধু তিনি নন, এলাকায় আরও একাধিক গ্রাহক একই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ।
এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা সরাসরি দামোদর গ্যাস এজেন্সির অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। এ বিষয়ে এজেন্সির এক কর্মীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই কর্মীকে হাতেনাতে ধরে নিয়ে গিয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন গ্রাহকরা।