1
খণ্ডঘোষ ব্লকে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত দলীয় নেতৃত্বদের সম্বর্ধনা
১৫ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সভায় নবনিযুক্ত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। খণ্ডঘোষ ব্লকে দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিদের ব্লক তৃণমূল কার্যালয়ে এরপর সম্বর্ধনাজ্ঞাপন করা হয় বলে জানান খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। জানা গেছে, খণ্ডঘোষ ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হয়েছেন নীলুফা বেগম, গোপালবেড়ায় অঞ্চল সভাপতি হয়েছেন রাজেশ সাহানা। কৈয়র এর অঞ্চল সভাপতি হয়েছেন জগৎজ্যোতি রায়। সগড়াই এর অঞ্চল সভাপতি হয়েছেন রাধাকান্ত মন্ডল। বেরুগ্রাম অঞ্চল সভাপতি হয়েছেন শেখ শাহাদ আলী। উখরিদের অঞ্চল সভাপতি হয়েছেন শেখ শহিদুল ইসলাম। শাঁখারী ১ অঞ্চল সভাপতি হয়েছেন শেখ জাহাঙ্গীর আলম। শাঁখারী ২ এর অঞ্চল সভাপতি হয়েছেন সইফুদ্দিন চৌধুরী। লোদনার অঞ্চল সভাপতি হয়েছেন রেজাউল হক সাহানা। খণ্ডঘোষের অঞ্চল সভাপতি হয়েছেন হারু সাঁতরা। শশঙ্গার অঞ্চল সভাপতি হয়েছেন উত্তম পাঞ্জা। এদের সকলকেই এদিন সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের প্রতি দলের দায়িত্ব পালনের বিষয়ে আস্থা জানানো হয়। অপার্থিব ইসলাম বলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এরা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র এলাকায় সাংগঠনিকভাবে লড়াই করবেন। আমাদের প্রত্যেকের লক্ষ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে রাজ্যে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথকে প্রশস্ত করে তোলা।
2
স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদনে কম্বল প্রদান
বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ-এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিনে মানব সেবা কার্যে বহু মানুষের হাতে শীতের কম্বল তুলে দিলেন সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। এই উপলক্ষ্যে বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে যুগাবতার স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য। সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী স্বামীজীর জীবনের নানা দিক তুলে ধরেন। স্মৃতিচারণা করেন সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, প্রণব মুখার্জী, শিক্ষক মানব সরকার, মৃদুল কুমার মিত্র, প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, আমেরিকা নিবাসী রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের সদস্যা ইন্দ্রানী মুখার্জী, প্রীতি বিশ্বাস, সাহিত্য প্রেমী দেবনাথ মুখার্জী। সংগীতে অংশগ্রহণ করেন মনোমালা সৎপতি, স্বাতী ব্যানার্জী, কৃষ্ণা ঘটক, করবী ঘোষ, সমাপ্তিকা মন্ডল, রুবি আজিম প্রমুখ। কবিতা পাঠে অংশগ্রহণ করেন লক্ষণ দাস ঠাকুরা, তাপস ভূষণ সেনগুপ্ত, স্বর্ণ চাঁপা গোস্বামী, রথীন পার্থ মন্ডল, চৈত্র প্রামাণিক, আইনজীবী উদয় শঙ্কর কোনার, সমাজসেবী আনোয়ার আলী প্রমুখ। এই শীতে হাতে কম্বল পেয়ে খুশি হন বহু মানুষ। কাশীনাথ গাঙ্গুলী বলেন, মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার কথা স্বামীজি বলেছেন। আমরা তাঁর আদর্শকে সামনে রেখেই এই কম্বল প্রদান কর্মসূচীকে বাস্তবায়িত করেছি।


