
কৃষ্টি প্রেক্ষাগৃহে প্রতীকীভাবে ১০০ উপভোক্তার হাতে তুলে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার শংসাপত্র
জেলার মেমারিতে অন্নপূর্ণা যোজনার সূচনা উপলক্ষ্যে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় মেমারি বিধানসভা এলাকায় প্রায় ২০ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে গেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, ১ জুনের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের অর্থ জমা পড়েছে। রাজ্যজুড়ে প্রকল্পের সূচনার পাশাপাশি মেমারিতেও এদিন সেই আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচী পালিত হয়।
এই উপলক্ষ্যে মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ, কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী ও সমাজসেবী স্মৃতিকণা বসু, ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ বোস, গৌতম বল, প্রশান্ত সাহা-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং পৌরসভার আধিকারিকরা। অনুষ্ঠানে মেমারি বিধানসভা এলাকার বহু মহিলা উপভোক্তাও অংশগ্রহণ করেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করা হয়। রাজ্যের অন্যান্য এলাকার মতো মেমারিতেও প্রকল্পের সুবিধাভোগীদের হাতে অনুমোদনপত্র ও শংসাপত্র তুলে দেওয়া হয়। মেমারি পৌরসভার পক্ষ থেকে প্রতীকীভাবে ১০০ জন মহিলার হাতে শংসাপত্র প্রদান করা হয়, যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের অর্থ জমা পড়েছে।
শুধু মেমারি পৌরসভা এলাকাই নয়, মেমারি বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বহু মহিলাও এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন বলে জানা গেছে।


