ঐতিহ্যবাহী লক্ষীনারায়ণজী বাড়ি সংরক্ষণের লক্ষ্যে এলাকা পরিদর্শন বিধায়কের
বর্ধমান শহরসহ সারা জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম হলো শহর বর্ধমানের লক্ষ্মীনারায়ণজী বাড়ি। এখানে একটি মন্দিরে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। যা দর্শন লাভের জন্য এই শহর ও জেলা সহ বহু দূরদূরান্ত থেকে মানুষজন সারা বছরই এখানে এসে থাকেন। কিন্তু এই এলাকাটির অবস্থা খুবই খারাপ। ভগ্নদশায় পড়ে রয়েছে এখানকার বিস্তীর্ণ এলাকা। যার সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আর সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকাটি পরিদর্শন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জী আইনজীবী উদয় কোনার সহ অন্যান্য স্থানীয় মানুষজন। এ প্রসঙ্গে খোকন দাস বলেন, তারা এই এলাকাটি পরিদর্শন করলেন। এর সংরক্ষণের কাজ কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী পর্যায়ে এ বিষয়ে যা সিদ্ধান্ত গৃহীত হবে সেই মতো কাজ করা হবে। সুশান্ত প্রামাণিক বলেন, এই স্থানটির গুরুত্ব অপরিসীম। বর্ধমান রাজার বাড়ির এটি একটি অংশ বলা যায়। এই স্থানটির সংরক্ষণ অত্যন্ত জরুরি। বহু মানুষ এখানে সারা বছর এসে থাকেন। তারা যাতে এই স্থানটি পরিদর্শন করে আনন্দ পান তারজন্য এর সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। বিধায়ক এই বিষয়টি নিয়ে ভাবনা – চিন্তা করছেন। আমরাও তার পাশে রয়েছি। আশা করছি, পর্যটকদের কাছে আগামী দিনে এই স্থানটিকে আরও সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হবে।


