এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যু, বর্ধমানে কাউন্সিলর গ্রেপ্তার | পুরুলিয়ায় ভয়াবহ আগুন | আজকের ৯ বড় খবর

1 এনআরএস হাসপাতালে মহিলা নার্সের অস্বাভাবিক মৃত্যু

এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের HDU ওয়ার্ডে কর্তব্যরত এক মহিলা নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে হাসপাতালের ৩৩ নম্বর রুমের শৌচাগার থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার বয়স ৩০ বছর। তিনি দমদম থানার এলাকার বাসিন্দা। ১২ আগস্ট রাত ৮টা থেকে তাঁর নাইট শিফট ডিউটি ছিল। রাত ১০টা ২০ মিনিট নাগাদ তিনি শৌচাগারে যান। প্রায় সাত মিনিট পরেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পাওয়ায় শৌচাগারের দরজা খোলার চেষ্টা করা হয়।
দরজা ভিতর থেকে বন্ধ থাকায় শেষ পর্যন্ত দুই নার্সিং স্টাফ, ২০ বছরের মহম্মদ সামশের আলম এবং ২০ বছরের শ্রেয়া গাইন দরজা ভেঙে ভিতরে ঢোকেন। সেখানে ওই নার্সকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশের দাবি, মৃতদেহে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পাশাপাশি কোনও সুইসাইড নোটও মেলেনি।
ঘটনার খবর পেয়ে এনটালি থানার পুলিশ এবং DD Homicide টিম হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে।

2
মরণোত্তর দেহদানের বার্তা নিয়ে পদযাত্রা, ১০৮ দিনে পুরুলিয়ায় পৌঁছলেন রাজস্থানের আইনজীবী

মরণোত্তর দেহদানের বার্তা ছড়িয়ে দিতে রাজস্থান হাইকোর্টের আইনজীবী চন্দ্রকান্ত চৌহানের অভিনব পদযাত্রা ১০৮ দিনে পুরুলিয়ায় পৌঁছল। ১০৮ দিন আগে জয়পুর থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। লক্ষ্য, দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন; ইতিমধ্যেই তিনটি দর্শন সম্পন্ন করেছেন। যাত্রাপথে সাধারণ মানুষকে দেহদানের বিষয়ে সচেতন করছেন তিনি। পুরুলিয়া জেলা আদালতে স্থানীয় আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন চন্দ্রকান্ত। নিজের দেহও ইতিমধ্যে দান করেছেন বলে জানান তিনি।

3
কাগজপত্রহীন নার্সিংহোমে অভিযান: পুঞ্চায় সিল করা হলো পিঁড়রা বি সি এম হসপিটাল

বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে পুরুলিয়ার পুঞ্চার কেন্দা থানা এলাকার পিঁড়রা বি সি এম হসপিটাল সিল করল প্রশাসন। বুধবার স্বাস্থ্য দপ্তর ও কেন্দা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, হাসপাতাল পরিচালনার প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুঞ্চার বিএমওএইচ জানান, নিয়ম মেনেই হাসপাতালটি সিল করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

4
জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত নুরপুর জেটি সংলগ্ন নদীবাঁধ, চাঞ্চল্য ডায়মন্ডহারবারে

দক্ষিণ ২৪ পরগনার নুরপুর জেটি সংলগ্ন নদীবাঁধে জাহাজের ধাক্কায় ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি নদীবাঁধে ধাক্কা মারলে জেটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁধে গভীর ফাটল তৈরি হয়। কলকাতা বন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় ফেরিঘাটে কোনও যাত্রী না থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

5
গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি, পুকুরের জলে গাড়িসহ তলিয়ে গেল

কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিমে গাড়ি চালানো শিখতে গিয়ে পুকুরে গাড়ি পড়ে মৃত্যু হল সুমিত্রা দাসের। নতুন গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় আচমকা গাড়িটি পুকুরে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

6
কলকাতা পুরসভার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের অভিযান, নাগরিক পরিষেবা নিয়ে সরব কংগ্রেস

কলকাতা পুরসভার নাগরিক পরিষেবার ব্যর্থতার অভিযোগ তুলে বুধবার পুরসভা অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে হিন্দ সিনেমার সামনে থেকে মিছিল শুরু হয়। জানবাজারে মিছিল আটকে দিলে ৭ সদস্যের প্রতিনিধি দল পুরসভায় ডেপুটেশন দিতে যায়। শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও পরিষেবা নিয়ে এদিন সরব হয় কংগ্রেস।

7
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ১২৫ দিনের কাজের সূচনা

দীর্ঘদিন বন্ধ থাকার পর পূর্ব বর্ধমানের জামালপুরে বুধবার ভিবি জি রামজি প্রকল্পের অধীনে ১২৫ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হলো। পাঁচড়া অঞ্চলের ১ নম্বর সংসদ উত্তর সারংপুরে কাজ পরিদর্শন করেন জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধান চন্দ্র পাল। কাজের অগ্রগতি ও শ্রমিকদের উপস্থিতি খতিয়ে দেখেন তিনি। কর্মসংস্থানের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জবকার্ডধারী শ্রমিকরা।

8
বিভিন্ন অভিযোগে বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিরণ মণ্ডল গ্রেপ্তার

জোরপূর্বক টাকা আদায়, হুমকি ও তোলাবাজির অভিযোগে বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিরণ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বর্ধমান সদর থানার পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার কড়া নিরাপত্তায় তাঁকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

9
কাকভোরে বলরামপুরে ডেকোরেটার্সের গুদামে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বাইকসহ প্রচুর সামগ্রী শেফালী মাহাতো,পুরুলিয়া

বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত পাথরবাঁধ এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বাইকসহ ডেকোরেটার্সের বিপুল টাকার সামগ্রী।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ডেকোরেটার্স ব্যবসায়ী চৈতন মুর্মু জানান, সেদিন সকালে হঠাৎই এক অদ্ভুত শব্দ শুনে তাঁর বাবা ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বেরিয়ে তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করে সকলকে সতর্ক করেন। চৈতন বাবু ও পরিবারের সদস্যরা বাইরে এসে দেখেন, তাঁবুর মধ্যে মজুত থাকা প্লাস্টিকের চেয়ার, কার্পেট, ডেকোরেশনের আলোসহ যাবতীয় সামগ্রীতে ভয়াবহ আগুন লেগে গিয়েছে। আগুনের তীব্রতায় কাছে থাকা একটি বাইকও নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়।
বিপদ বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা মিলে নিজেদের চেষ্টায় প্রাথমিক আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্টাংশ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর দমকলের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়। অনেকটা দেরিতে দমকল আসার কারণেই ক্ষতির পরিমাণ এতটা বেড়ে গিয়েছে। বলরামপুর এলাকায় নিজস্ব কোনো দমকল কেন্দ্র না থাকায় বারবার এমন বিপদের মুখে পড়তে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। অঘটন এড়াতে দ্রুত বলরামপুরে একটি স্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা।