1
১৪দিনের STF হেফাজত শেষে বর্ধমান আদালতে তোলা হল হামিম মণ্ডল, অর্পিতা ও আদিত্যকে,২৮ দিনের জেল হেফাজত দিল আদালত
১৪ দিন STF রিমাইন্ডে থাকার পর শুক্রবার ধৃত পাক জঙ্গি চক্রের সঙ্গে যুক্ত হামিম মণ্ডল সহ অর্পিতা ও আদিত্যকে বর্ধমান জেলা আদালতে তোলা হলো। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন তাদের আদালত চত্বরে আনা হয়। আদালত ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ বর্ধমান জেলা আদালতে ফের ধৃত হামিম মন্ডল , অর্পিতা সরকার ও আদিত্য সিংকে তোলা হবে।তিনজনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এদিন হামিম মণ্ডলের পরিবারের সদস্যরা তাঁর হয়ে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী কমল দত্তের সঙ্গে যোগাযোগ করেন। আইনজীবী কমল দত্ত জানান, হামিমের পরিবারের লোকজন তার কাছে এসে মামলায় লড়াই করার অনুরোধ করেছেন।
কমল দত্ত বলেন, প্রথমে তিনি মামলার চার্জশিট খতিয়ে দেখবেন। হামিম মণ্ডলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে এবং মামলায় ধৃত অন্যদের সঙ্গে তার কী যোগ রয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, এর আগে তদন্তকারী সংস্থা হামিম মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল। তবে শুক্রবারের শুনানিতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নতুন করে কোনও হেফাজতের আবেদন করা হয়নি। এরপরই আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১১ সেপ্টেম্বর ফের বর্ধমান আদালতে মামলার শুনানি হবে। সেদিন মামলার পরবর্তী গতিপ্রকৃতি আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
2
শ্রেণীকক্ষ নেই, রান্নাঘরেই ক্লাস ! শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ধুঁকছে কেশরপুর কুশল বাস্কে আদর্শ হাইস্কুল
শ্রেণীকক্ষের অভাবে রান্নাঘরেই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। বৃষ্টি নামলে বারান্দা, গাছের তলা কিংবা জলকাদার মধ্যেই খেতে হচ্ছে মিড-ডে মিল। এমনই দুরবস্থা রঘুনাথপুরের সাতুরি থানার টাড়াবাড়ী এলাকার কেশরপুর কুশল বাস্কে আদর্শ হাইস্কুলে।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই স্কুলে কয়েকশো পড়ুয়ার জন্য রয়েছেন মাত্র ৫ জন শিক্ষক। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। নেই নির্দিষ্ট ডাইনিং হলও। বৃষ্টির সময় গাছের তলা, শ্রেণীকক্ষ বা বারান্দাতেই খেতে হয় পড়ুয়াদের।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষক ও পরিকাঠামোর সমস্যার কথা একাধিকবার প্রশাসন ও শিক্ষা দপ্তরকে জানানো হলেও এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
time 2:25
3
নির্মল ঘোষ গ্রেপ্তারের খবর ছড়াতেই পানিহাটিতে বিজেপির উল্লাস, মিষ্টি-আবীরে বিজয় উৎসব
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশার সম্বলপুর থেকে গ্রেপ্তারের খবর ছড়াতেই পানিহাটিতে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। পানিহাটি পৌরসভার সামনে বিজেপি নেতা জয় সাহা, মণ্ডল সভাপতিদের নেতৃত্বে বিজয় উৎসব হয়। কর্মীদের মিষ্টি খাওয়ানো ও আবীর মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
পাশাপাশি পৌরসভার বাইরে নির্মল ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে ও ডিম ছুড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিহাটিতে নির্মল ঘোষের রাজনৈতিক প্রভাব ছিল। গ্রেপ্তারের মধ্য দিয়ে মানুষ সেই ‘অত্যাচার’ থেকে মুক্তি পেলেন বলেও দাবি তাঁদের।
time 3:20
4
অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করলো রাজ্য
অনন্ত মহারাজ নামে পরিচিত নগেন্দ্র রায়কে দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করল রাজ্য সরকার। ১৩ আগস্ট তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্দেশে ২১ ফেব্রুয়ারি ২০২৬-এ দেওয়া এই সম্মান বাতিলের কথা জানানো হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সরকারি নির্দেশে জানানো হয়েছে, পরবর্তী সময়ে নজরে আসা কিছু তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে সম্মান বহাল রাখা সমীচীন নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকে নগেন্দ্র রায় নিজেকে ‘বঙ্গবিভূষণ’ প্রাপক হিসেবে পরিচয় দিতে পারবেন না এবং এই সম্মান সংক্রান্ত কোনও সুবিধা বা অধিকারও দাবি করতে পারবেন না। সরকারি তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
time 4:11
5
এনআরএস-য়ে নার্সিং স্টাফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এলেন স্বাস্থ্যমন্ত্রী
কলকাতার নীলরতন সরকার হাসপাতালের এক নার্সিং স্টাফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শরদ্বত মুখার্জী। এ বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই নার্সিং স্টাফ নির্দিষ্ট দিনে রাত আটটা নাগাদ ডিউটিতে জয়েন করেছিলেন। রোগীকে পরিষেবা দেওয়ার পর রাত নটা নাগাদ তিনি বাথরুমে যান। এরপর তিনি না বেরোনোয় বাথরুমের দরজায় ধাক্কা ও ডাকাডাকি করা হয়। সাড়া না পাওয়ায় হাসপাতালের গ্রুপ ডি স্টাফরা দরজা ভেঙে তাঁকে অচৈতন্য অবস্থায় পান। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার দেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। পুলিশী তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মৃতার ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। অনুমান করে কিছু বলা সম্ভব হবে না।
time 7:23
6
রাঁচি রোডে মফস্বল থানার অভিযান: ৫৭ টন অবৈধ কয়লাসহ ১৬-চাকার লরি আটক
পুরুলিয়ার পুলিশ সুপারের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে রাঁচি রোডে মফস্বল থানার বিশেষ নাকা চেকিং অভিযানে প্রায় ৫৭ মেট্রিক টন অবৈধ কয়লাসহ একটি ১৬-চাকার লরি আটক করা হয়েছে। চালকের কাছে বৈধ নথি ছিল না। লরি ও চালককে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য BL&RO ও MVI আধিকারিকদের জানানো হয়েছে। অবৈধ কয়লা ও বালি পাচার রুখতে জেলাজুড়ে অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।
time 7:58
7
সরকারি বরাত নেই, তাই নতুন পথ: রাখীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি
জেলার কালনার জগন্নাথ তলার রাখী ক্লাস্টারের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। প্রতি বছর সরকারি বরাতের ওপর বহু রাখী কারিগর ও স্বনির্ভর গোষ্ঠীর নারীদের রুজি-রুটি নির্ভর করে। সরকারি বরাত না মেলায় চলতি বছরে কারিগরেরা বেসরকারি অর্ডারের ওপর জোর দিয়েছেন।
বাজারের চাহিদা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী ও বিভিন্ন মনীষীদের ছবি সম্বলিত নতুন নকশার রাখী তৈরি করছেন তাঁরা। উৎসবের মরশুমে রুজি-রুটি ও আর্থিক স্থায়িত্ব বজায় রাখতেই এই উদ্যোগ।
time 10:03
8
৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওবিসি মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে খুদেদের হাতে খাতা-পেন তুলে দেওয়ার পাশাপাশি ক্লাবে ক্লাবে ফুটবলের বার্তা
স্বাধীনতা দিবস ও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচীকে কেন্দ্র করে নগর মণ্ডল ৩-এর ওবিসি মোর্চার উদ্যোগে খুদে পড়ুয়াদের হাতে খাতা, পেন ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
বিজেপি নগর মণ্ডল ৩-এর সভাপতি অজয় দত্ত জানান, ১২ নম্বর ওয়ার্ডের সীমা কলোনিতে ৭৭ জন এবং বড়নীলপুর এলাকায় ১০০-র বেশি ছাত্রছাত্রীর হাতে পাঠ্যসামগ্রী ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়।
বর্ষার মরশুমে ফুটবলের কথা মাথায় রেখে ১১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের সমস্ত রেজিস্টার্ড ক্লাবকে ফুটবল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যুব মোর্চার উদ্যোগে ছোটনীলপুর আমবাগান মাঠে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
time 11:26
9
নির্মলকে লক্ষ্য করে ডিম-কাদা
আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট ও দেহ দ্রুত দাহ করার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আজ আদালতে তোলার সময় উপস্থিত জনতা ডিম ও কাদা ছোড়ে।
গতকাল ওড়িশার বালাসোর থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার ভোররাতে ট্রানজিট রিমান্ডে তাঁকে খড়দহ থানায় আনা হয়।
নির্যাতিতার বাবার দায়ের করা দ্বিতীয় এফআইআরের পর নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট ও দ্রুত দাহের প্রক্রিয়ায় ভূমিকার অভিযোগ রয়েছে। তবে পরিবারের দাবি, অভিযোগ সঠিক নয়। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।


