বাঁকুড়ার রাস্তা থেকে পাতালপথে ‘দিব্যা’ | SIR বৈঠক, জোড়া দেহ, বর্ধমানেশ্বর সহ ৯ বড় খবর

1
বাঁকুড়ায় রাস্তা সংস্কারের জন্য ৭০ শতাংশ টাকা ‘বিগত সরকারের ভূতে খেয়েছে’, দাবি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার

বাঁকুড়া সদর শহরের ভৈরবস্থান থেকে কাটজুড়িডাঙা ফ্লাইওভারের সংযোগকারী প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল। বড় বড় খানাখন্দ ও বৃষ্টির জলে দুর্ভোগে পড়ছেন প্রতিদিনের যাত্রীরা। রাস্তার পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সিংহোম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

বিধায়ক নীলাদ্রি শেখর দানা অভিযোগ করেন, তৃণমূল শাসিত পৌরবোর্ড উন্নয়নের টাকা লুট করেছে, মানুষের জন্য কাজ করেনি। তিনি জানান, রাস্তা সংস্কার নিয়ে পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। বর্ষা শেষ হলেই নতুন করে রাস্তার কাজ শুরু হবে।

2
পাতাল পথে দিব্যা ও দুর্গার কারিগরি

পাতালপথে কংক্রিটের দেওয়াল ভেঙে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। মাত্র ১০ মাসে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত ২.৬৫ কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করেছে দিব্যা। এর আগে একই পথে ‘দুর্গা’ও ভিক্টোরিয়া স্টেশনের নীচে পৌঁছেছিল।

গত বছর অক্টোবর থেকে খিদিরপুরে কাজ শুরু করেছিল দুই টানেল বোরিং মেশিন। দুর্গার পর এবার দিব্যার সাফল্যে জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইনের কাজ আরও এগোল। চলতি বছরের ডিসেম্বরে দুর্গা এবং ২০২৭ সালের মার্চে দিব্যার পার্ক স্ট্রিট পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। ২০২৯ সালের দীপাবলির মধ্যে এই পথে বাণিজ্যিক পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে।

3
SIR নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত মুখ্যসচিব-সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা

পশ্চিমবঙ্গে SIR বা Special Intensive Revision সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস-সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া আপিলগুলির নিষ্পত্তির তথ্য জমা দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। তবে মুখ্যসচিব বৈঠকটিকে ‘রুটিন’ বৈঠক বলে উল্লেখ করেছেন।

4
শক্তিগড়ে জোড়া দেহ উদ্ধার, পুরুষ ও অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার হরিহরপুর চক এলাকায় মুয়ে নদীর কাছে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা দু’জনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার করে। মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স প্রায় ৫৫ বছর। এখনও তাঁদের পরিচয় জানা যায়নি। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

5
শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের ৫৫ তম আবির্ভাব দিবসের মহোৎসব

শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের ৫৫ তম আবির্ভাব দিবস উপলক্ষে বর্ধমানের আলমগঞ্জে পাঁচ দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব কমিটির সম্পাদক শিবদাস মণ্ডল জানান, করোনা পরিস্থিতির কারণে ৫০ তম বর্ষ সাড়ম্বরে পালন করা সম্ভব হয়নি। তাই এ বছর ৫৫ তম বর্ষ ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে।

হাজার হাজার ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত। ভক্তদের জন্য খাবার ও ফার্স্ট এইডের ব্যবস্থা রয়েছে। পুলিশ প্রশাসনও নিরাপত্তা ও পরিবেশের দিকে নজর রাখছে। কাটোয়া থেকে গঙ্গাজল নিয়ে ভক্তরা ছয়টি থানা এলাকা পেরিয়ে মন্দিরে আসছেন। তাঁদের যাতায়াত স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনও নজরদারি করছে।

6
বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাঁকুড়ায় প্রশাসনিক সভায় যোগ দিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন নিয়ে সাত জেলার আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমাঞ্চলের উন্নয়নে বাজেটে ১৬০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি। বৈঠকে ৭৪টি ব্লকের আধিকারিক ও ৪৬ জন বিধায়ক উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিগত সরকারের শেষ পাঁচ বছরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোনও কাজ হয়নি। মোট ৭৬টি ব্লকে সামাজিক উন্নয়ন, জীবন-জীবিকা এবং SC-ST সম্প্রদায়ের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। পিছিয়ে পড়া গ্রাম চিহ্নিত করে প্রতি অঞ্চলের উন্নয়নে ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। পুজোর পর থেকেই কাজ শুরু হবে বলে জানান তিনি।

7
নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ

কলকাতার শ্যামবাজার মোড়ে বিজেপি নেতাদের নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কুণাল ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভে তিনি বলেন, নেতাজির প্রতি অবমাননা বাঙালি মেনে নেবে না। যারা এমন মন্তব্য করছেন, তাঁরা অত্যন্ত রুচিহীনতার পরিচয় দিচ্ছেন।

8
গভীর রাতে পুরুলিয়ার গাড়িখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান

গভীর রাতে পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ভস্মীভূত হয়। একটি দোকান থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়।

9
জয়পুরে বেআইনি ভাবে মজুত ৩০০ বস্তা ইউরিয়া উদ্ধার, আটক ১

পুরুলিয়ার জয়পুরে বেআইনি গুদামে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করল প্রশাসন। জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা, কৃষি দপ্তর ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই অভিযান চালান। ‘জয় মা তারা ফার্টিলাইজার’-এর গুদামে মজুত সারের সঙ্গে খাতার হিসেবের মিল পাওয়া যায়নি। বৈধ নথিও দেখাতে পারেননি মালিক। ঘটনার পর মামলা রুজু করে গুদাম মালিককে আটক করেছে জয়পুর থানার পুলিশ।