1
মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ
মায়ের নামে বৃক্ষরোপণ। “একটি গাছ মায়ের নামে” শীর্ষক বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলকোটের কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরে। স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে এদিন এই উপলক্ষ্যে অর্ধশতাধিক গাছ তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে। তারা তাদের মায়েদের সঙ্গে নিয়ে এদিন বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন, “বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে জলবায়ু সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ লাগিয়ে তাকে মায়ের মতো সেবা করে বড় করে তুলে পরিবেশকে রক্ষা করার উদ্দেশ্যেই এহেন উদ্যোগ গ্রহণ”। এই উদ্যোগের সার্থক রূপায়ণে শুধুমাত্র এখন নয় সারা বছরই বিদ্যালয়ের ছাত্রীরা সচেতন থাকবে। তাদের নজরদারি চালাবে। রোপণ করা গাছকে বাঁচিয়ে রাখাই হবে তাদের অন্যতম লক্ষ্য।
2
নিত্য পাল স্মরণে রক্তদান শিবির
৭০ এর দশকে ছাত্র ফেডারেশনের কর্মী নিত্য পালের শহীদ দিবস পালিত হল। তাঁর কলেজ বিবেকানন্দ মহাবিদ্যালয়ের গেটে অবস্থিত নিত্য পালের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। ২৪ জুলাই নীলপুর বাজার এলাকায় অতুল স্মৃতি সংঘে শহীদ নিত্য পাল স্মরণে এসএফআই বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রক্তদান শিবিরে সংগঠনের নেতা-কর্মী, প্রাক্তনী ও এলাকার গণতন্ত্র প্রিয় মানুষের অংশগ্রহণ ছিল নজরে পড়ার মতো। রক্তদান শিবিরের কাজ শুরু করার আগে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ নিত্য পালকে শ্রদ্ধা জানানো হয়। এদিন বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বিবেকানন্দ কলেজের প্রাক্তনীদের হাতে শহীদ নিত্য পালের একটি আলোকচিত্র তুলে দেওয়া হয়। এদিন বর্তমান নেতৃত্বদের পাশাপাশি কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার, দীপঙ্কর দে, অনির্বাণ রায় চৌধুরী সহ বিবেকানন্দ কলেজের প্রাক্তনীবৃন্দ। ছাত্রছাত্রী, এলাকার সাধারণ মানুষ ও সংগঠনের শুভানুধ্যায়ীদের রক্তদানের মাধ্যমে রক্তদান শিবিরের কাজ সফল ভাবে শেষ হয়। এদিন শহীদ নিত্য পালের ৫৪ তম শহীদ দিবসে সকল রক্তদাতাদের একটি করে চারা গাছ দেওয়া হয়। রক্তদান শিবিরের শেষে অতুল স্মৃতি সংঘ প্রাঙ্গণেও চারাগাছ রোপণ করা হয়। এ প্রসঙ্গে এসএফআইয়ের বর্তমান জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী জানান, আমরা শহীদ তর্পণের পাশাপাশি প্রকৃতিকে সুস্থ রাখার বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করেছি। পরিবেশকে আরও সবুজে ভরিয়ে তোলার লক্ষ্যেই আমাদের এই গাছের চারা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন।
3
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিজ্ঞাবদ্ধ করে যে যে কটি গাছ লাগাতে পারবে সেই মতো ২২০ টি বৃক্ষ শিশু বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে একবছর বাদে যাদের গাছ ভালো তৈরী হবে তাদের সংবর্ধনা দেওয়া হবে। তার সঙ্গে তার নামে গাছটির নামকরণ করা হবে। এ প্রসঙ্গে সংস্থার সম্পাদক উৎপল দত্ত বলেন, জুলাই মাস অরণ্য মাস। সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আমাদের অগ্রাধিকার ভিত্তিক সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে বৃক্ষ শিশু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রেমী রাজীব সামন্ত, সচিন্দ্রাণী ঘোষ, ড. শিখা আদিত্য, ধনঞ্জয় দে, রঘুনাথ দে, কমল ঘোষ, মলয় চক্রবর্তী, দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস, উড়ান ট্রাস্ট এর সম্পাদক শুভজিৎ সাহা, খালেরপুল সংহতি যুব মিশনের সম্পাদক রাহুল আজম, বর্ধমান লায়ন্স ক্লাব অরনীর নবনির্বাচিত সভাপতি দেবজিৎ ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।


