বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী সমাপ্তিতে স্মারক তোরণের দ্বারোদঘাটন IIনবদ্বীপ বাসস্ট্যান্ডে চালকদের সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী II কালনায় গড়ে উঠবে বায়োডাইভার্সিটি পার্ক IIনতুন বছরে নবরূপে পথ ভিক্ষুকদের আহার প্রদানের উদ্যোগ

1
বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী সমাপ্তিতে স্মারক তোরণের দ্বারোদঘাটন

পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের আটঘোড়িয়া-সিমলন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোন্দলপুর বিদ্যাদেবী বিদ্যামন্দিরে সুবর্ণজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্মারক তোরণের দ্বারোদঘাটন করা হয়।
এখানে বিধায়ক স্বপন দেবনাথের এলাকা উন্নয়ন প্রকল্প তহবিল থেকে এই তোরণ নির্মাণে অর্থ প্রদান করা হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রদেয় এই অর্থের পরিমাণ ৪ লক্ষ ৫৬ হাজার ৫৮৭ টাকা। এই প্রকল্প রূপায়নে সহযোগিতা করেছে কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতি।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, একটি বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অত্যন্ত গৌরবজনক অধ্যায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি স্মারক তোরণ নির্মাণ খুবই তাৎপর্যপূর্ণ। এই বিদ্যালয় তার সুনাম অক্ষুন্ন রেখে এগিয়ে চলুক এই কামনা জানাই।

2
নবদ্বীপ বাসস্ট্যান্ডে চালকদের সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী

কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে ও নদীয়া জেলা বাস পরিবহণ কর্মী ইউনিয়নের সহযোগিতায় টোটো,পরিবহণ কর্মী ও বাস চালকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলো। নবদ্বীপ বাসস্ট্যান্ডে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর আয়োজন করা হয়। নবদ্বীপ ট্রাফিক উইংসের পক্ষ থেকে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য,নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তেওয়ারি,নবদ্বীপ ট্রাফিক উইংসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তন্ময় মোদক,নদীয়া জেলা বাস পরিবহণ কর্মী ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য ট্রাফিক পুলিশের আধিকারিক এবং অসংখ্য বাস ও টোটো চালকবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি ও ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য,উপস্থিত বাস সহ প্রতিটি চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবার কথা স্মরণ করিয়ে দেন। দুর্ঘটনা রোধে যা অত্যন্ত জরুরি বলে বার্তা দেন তিনি।

3
কালনায় গড়ে উঠবে বায়োডাইভার্সিটি পার্ক

পূর্ব বর্ধমান জেলার কালনায় ভাগীরথীর তীরে হতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক। কয়েক কোটি টাকার ব্যয়ে এখানে তৈরী হবে পার্কটি। তাই সমস্ত এলাকা পরিদর্শন করলেন কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ পৌরসভার আধিকারিকবৃন্দ। সমস্ত এলাকাটি ড্রোনের মাধ্যমে ছবি তোলা হয়। কিভাবে, কি করলে কতটা সুন্দর হবে তা নিয়ে পর্যালোচনা করা হয়। এই জীববৈচিত্র্য পার্কে, কি কি বিষয় তুলে ধরলে মানুষের কাছে তা বেশি গ্রহণযোগ্যতা পাবে তা নিয়েও আলোচনা করা হয়। তাই প্রাথমিক পর্যায়ে এদিন ড্রোনের মাধ্যমে ছবি তোলা হলো। পৌর প্রধান আনন্দ দত্ত জানান, এই পার্ক শহরের বুকে তৈরী হলে কালনার অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোয় অনেকটা বদল আসবে। মমতা ব্যানার্জীর উন্নয়ন চারদিকে চলছে। কালনার জন্য তিনি অনেক কিছু করেছেন। আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ হবে বলে জানান আনন্দ দত্ত

4
নতুন বছরে নবরূপে পথ ভিক্ষুকদের আহার প্রদানের উদ্যোগ

প্রতি শনিবার বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ৫০ জন পথভিক্ষুককে দ্বিপ্রাহরিক আহার প্রদান করা হত। নতুন বছরে সেই সংখ্যাটি বেড়ে ৭০ জন হল। এই উপলক্ষ্যে নাহিদ আফতাবের উদ্যোগে শাঁখারী পুকুর এলাকায় ৭০ জন পথ ভিক্ষুককে ভাত, আলুভাতে, শাকভাজা, ডাল, ডিমের কারী, চাটনি, মিষ্টি ইত্যাদি দুপুরে খাওয়ানো হয়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, প্রান্তিক মানুষগুলোর দৈনিক আহারে প্রোটিনের ঘাটতি থাকে। তাই আহারে ডিমের মতো সম্পূর্ণ প্রোটিন রাখা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে সকলের জন্য আবেদন জানানো হয়, যেকোনো ব্যক্তি কারো জন্মদিন, মৃত্যুবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠান যাপনে সোসাইটির সঙ্গে যোগাযোগ করে এই মহান অন্নদানে অংশগ্রহণ করতে পারেন। যোগাযোগের নম্বর হল 7866022053.