আজকের প্রতিবেদনে থাকছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানসহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ খবর। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মাদকবিরোধী সচেতনতা ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশ লাইনে। পুলিশ সুপার পি.ভি.জি. সতীশের উপস্থিতিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নেওয়া হয়।
অন্যদিকে, দুদিনের টানা বৃষ্টিতে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর জল দুকুল ছাপিয়ে বইছে। মানকানালী কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে জল যাওয়ায় ফের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলের তোড়ে কজওয়েতে একটি ট্রাক আটকে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
আগামী ২৮ আগস্ট রাজ্যজুড়ে রাখীবন্ধন উৎসব পালনের নির্দেশ দিয়েছে নবান্ন। জেলা প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েত স্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তেরঙ্গা রঙের রাখী, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, বাউল ও লোকসংস্কৃতির মাধ্যমে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কলকাতা বিমানবন্দরেও দেখা গেল রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় এবং তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। সৌগত রায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে এবং এর পিছনে বিজেপির লোকজন রয়েছে। তবে বিক্ষোভের মধ্যেও তিনি বিমানবন্দরের এয়ারপোর্ট অ্যাডভাইসারি কমিটির বৈঠকে যোগ দেন।
পূর্ব বর্ধমানের রায়নার সেহারা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির ছাদে জবা ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বৌদি আদরী মিত্র ও দেওর মনোজ মিত্রের মৃত্যু হয়েছে। তাঁদের বাঁচাতে গিয়ে আহত হন সাথী মিত্র। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে পূর্ব বর্ধমানে তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন বর্ধমান–দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর এবং বিজেপিতে অভিযুক্তদের যোগদান নিয়ে তিনি একাধিক মন্তব্য করেন।
সবশেষে, ‘বন্দে মাতরম্’ অবমাননার অভিযোগ তুলে বর্ধমানে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপি। বড়নীলপুরে বাইক মিছিলের পর এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। একইসঙ্গে সিপিএম-কংগ্রেস জোটকে কটাক্ষ করেও বক্তব্য রাখেন বিজেপি নেতারা।
দেখুন Straightcut News-এর এই বিশেষ প্রতিবেদন এবং জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপডেট।
#StraightcutNews #আজকেরবড়খবর #বাঁকুড়া #বর্ধমান #পূর্ববর্ধমান #গন্ধেশ্বরীনদী #বৃষ্টিরখবর #রাখীবন্ধন #নবান্ন #সৌগতরায় #কলকাতাবিমানবন্দর #বিদ্যুৎস্পৃষ্ট #রায়না #কীর্তিআজাদ #বিজেপি #তৃণমূল #রাহুলগান্ধী #সোনিয়াগান্ধী #বন্দেমাতরম #বাংলারখবর #পশ্চিমবঙ্গেরখবর #WestBengalNews #BengaliNews


