1
প্রাক্তন চেয়ারম্যান তারাপদ প্রামাণিকের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন
১০ জুলাই বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তারাপদ প্রামাণিকের ২৩ তম মৃত্যুবার্ষিকীতে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক সহ বিশিষ্ট জনেরা প্রয়াত তারাপদ প্রামাণিকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় নারকেলবাগান মনসাতলা এলাকায় আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস তারাপদ প্রামাণিকের কর্মময় জীবনের কথা উল্লেখ করেন। মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে তারাপদ প্রামাণিকের যে ভূমিকা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, ১৯৭২ থেকে ৭৭ সালে তারাপদ প্রামাণিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তারাপদ প্রামাণিক ১২ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালীন পৌরসভার দায়িত্ব সামলেছিলেন। সারা শহরের উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ১২ নম্বর ওয়ার্ডে বিশেষ করে বৃষ্টি হলে জলে ডুবে যাওয়ার যে সমস্যা, তার হাত থেকে তিনি এলাকাবাসীকে উদ্ধার করেন। সেইসময় উন্নত নিকাশি ব্যবস্থা কার্যকর করে তিনি এই বর্ষায় জল যন্ত্রণা থেকে স্থানীয়দের মুক্তি দেন। আজও তার সেই উদ্যোগ বর্তমান সময়ে ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাজে লাগছে। সুশান্ত প্রামাণিক বলেন, তারাপদ প্রামাণিকের হাত ধরেই এই ওয়ার্ডে বিদ্যুতের লাইট, পানীয় জল, রাস্তাঘাট ইত্যাদির যথাযথ ব্যবস্থা করা হয়েছে। উন্নয়নমূলক কাজে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিনের এই স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান, কাউন্সিলর অরূপ দাস, উমা সাঁই, অজিত খাঁ, অনুপ আচার্য, স্বীকৃতি হাজরা, নিমাই মজুমদার, স্বপন হাজরা, বিকাশ মণ্ডল, প্রণব রঞ্জন ব্যানার্জী প্রমুখ।
2
২১ কে সামনে রেখে মিটিং মিছিল পথসভা
প্রতিবছরের মতো এবছরও ২১ জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক মিছিল , পথসভা , মিটিং করা হচ্ছে। চকদিঘী অঞ্চল, জাড়গ্রাম অঞ্চল, জোতশ্রীরাম ও পাড়াতল ২ অঞ্চলে মিছিল ও পথসভা করা হয়। চকদিঘী অঞ্চলে মিছিল পা মেলান ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান আসীমা বাগ, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্যরা। পরবর্তীতে ব্লক সভাপতি মেহেমুদ খান জারোগ্রাম অঞ্চলে যান। সেখানে প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেন। সেখানে মেহেমুদ খানের সঙ্গে পা মেলান জেলা পরিষদের সদস্য শোভা দে,অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, প্রধান নূরজাহান বিবি সাহানা, সরোজ মান্না, সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। পারাতল ২ অঞ্চলে আয়োজিত মিছিলে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, প্রধান মাবিয়া বেগম শেখ, অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। জোতশ্রীরাম অঞ্চলেও ২১ জুলাইকে সামনে রেখে মিছিল ও পথসভা করা হয়। এখানে কর্মীদের সঙ্গে পা মেলান ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, এত বৃষ্টির মধ্যে এত লোক মিছিলে পা মেলাচ্ছে এতেই বোঝা যাচ্ছে তৃণমূল মানেই মানুষের আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন আজও এতটুকু কমেনি।


