বর্ধমানে ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক চালু করছে রুবি জেনারেল হসপিটাল|দামোদরের জলস্তর বাড়ায় নদীতে ডুবে রয়েছে ১৫ টি লরি|দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু জামালপুরে


1
বর্ধমানে ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক চালু করছে রুবি জেনারেল হসপিটাল

২০২৫ ২৬ অর্থবছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ টি আউটরিচ ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক খোলার পরিকল্পনা করেছে রুবি জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেড। এই প্রতিষ্ঠানের ৩০ বছর পূর্তি উদযাপনকে উল্লেখযোগ্য করে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোমনাথ ভট্টাচার্য। এই উপলক্ষে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে আয়োজিত এক সাংবাদিক সভায় তিনি জানান, কলকাতার বাইরে প্রথম বর্ধমানে তারা তাদের ক্লিনিক চালু করছেন। এ বছর জুলাই মাস থেকে প্রতি মাসে একবার করে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্ধমানে ক্যান্সার বিষয়ে রোগীদের পরামর্শ দেবেন ও চিকিৎসা করবেন। সোমনাথ ভট্টাচার্য বলেন, যেহেতু এই প্রতিষ্ঠানের ৩০ তম বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, তাই আমরা আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার আগে তা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই সাংবাদিক সভার আয়োজন।

এদিনের এই সাংবাদিক সভায় উপস্থিত দুই চিকিৎসক ডাক্তার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার বিশ্বমিত ভট্টাচার্য ক্যান্সার চিকিৎসা বিষয়ে সংক্ষেপে তাদের বক্তব্য তুলে ধরেন।

উপস্থিত ছিলেন রুবি জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং সৌভিক রায়, মার্কেটিং ম্যানেজার স্মরজিত রায় প্রমুখ।

2
দামোদরের জলস্তর বাড়ায় নদীতে ডুবে রয়েছে ১৫ টি লরি

পূর্ব বর্ধমান জেলার গলসী থানার অন্তর্গত গোহগ্রামে বালিঘাটে ১৫ টি লরি দামোদরে ডুবে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই লরিগুলি সোমবার রাতে এখানে বালিঘাট থেকে বালি তুলতে এসে নদীতে আটকে পড়ে। একটি লরি বালি তুলতে গিয়ে আটকে যাওয়ায় পিছনের অন্যান্য লরিগুলিও সেখানে আটকে যায়। ইতিমধ্যে ডিভিসি জল ছাড়ার কারণে দামোদরের জলস্তর বৃদ্ধি পেতে থাকে। ফলে এই লরিগুলির বেশিরভাগ অংশই জলে ডুবে যায়। স্থানীয়দের অভিযোগ, এই লরিগুলিকে উদ্ধার করার ব্যাপারে বালিঘাট কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি। প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়েছে। এই ঘটনা ঘটার পর স্থানীয় এলাকায় যে সমস্ত লরি বালি তোলার জন্য ফাঁকা দাঁড়িয়েছিল, সেগুলি ফিরে যায়। স্থানীয়রা জানান, জেসিবি মেশিন দিয়ে খারাপ হয়ে যাওয়া লরিটি তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা তোলার সম্ভব হয়নি।

3
দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু জামালপুরে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব0ন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবার কাজ শুরু হয়েছে। প্রতিটি ব্লকেই চলছে মহাপ্রসাদের প্যাকেট করার কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও চলছে মহাপ্রসাদ প্যাকেজিংয়ের কাজ। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নির্দিষ্ট বিধি মেনে এই কাজ করা হচ্ছে। পুরো বিষয়টি পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) অমিয় রায়। ছিলেন বিডিও পার্থসারথী দে ও জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। এখানে খুব দ্রুত কাজ হচ্ছে দেখে অতিরিক্ত জেলাশাসক খুশী। বিডিও পার্থসারথী দে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জামালপুর ব্লকেও ৪০৭০ টি পরিবারের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেজিংয়ের কাজ শুরু হয়েছে। এই কাজ চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। দুয়ারে রেশনের মাধ্যমে সকল পরিবারের হাতে এই প্রসাদ তুলে দেওয়া হবে। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে সারা রাজ্যের সকল পরিবারের হাতে পৌঁছে যাবে দীঘায় প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ দেবের মহাপ্রসাদ। জামালপুর ব্লকেও প্রতিটি পরিবার এই মহাপ্রসাদ পাবেন মুখ্যমন্ত্রীর দৌলতে। এটা একটা বিরাট পাওয়া। ঘরে বসেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবেন সাধারণ মানুষ। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয় মানুষজনও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান।