1
রাজনৈতিক কর্মশালাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে ৭ নম্বর ওয়ার্ডে
বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের ৩৫টি ওয়ার্ডেই বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করা হচ্ছে। এই সমস্ত কর্মী সম্মেলনে দলের বুথ কর্মীসহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থাকছেন। উপস্থিত থাকছেন সেই ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিরা। পরবর্তী পর্যায়ে প্রতিটি ওয়ার্ডকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মীসভা বা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রসঙ্গে বর্ধমান শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংহ জানিয়েছেন, এই ওয়ার্ডে ইতিমধ্যেই বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের কাজ শেষ হয়েছে। এরপর আগামী ২১ জুন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ব ও কর্মী উপস্থিত থাকবেন। সভায় বক্তব্য রাখবেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। মিঠু সিংহ জানান, এই ধরনের রাজনৈতিক কর্মশালার মূল উদ্দেশ্য হলো আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণের বিষয়টিকে কার্যকর করা। এই সভা প্রতিটি ওয়ার্ডে চলছে বলে জানিয়েছেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়।
2
ডেঙ্গু বিষয়ে সাবধানতা কর্মসূচী গ্রহণ
বর্ষা আসলেই ডেঙ্গু বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয় বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। এ বছরও সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি জানান, ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে সেই সমস্ত পরিবারের সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে কি কি করণীয় সে বিষয়ে সচেতন করছেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে মশক নিরোধক ওষুধ স্প্রে করা হচ্ছে। সুশান্ত প্রামাণিক জানান, তার নিজস্ব ওয়ার্ড ২৯ নম্বরে তিনি ইতিমধ্যেই ডেঙ্গু রোধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সার্ভে সুপারভাইজার ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তাদের এ বিষয়ে সচেতন করছেন। এই কাজ এখন থেকে ধারাবাহিকভাবে চলবে বলে জানা গেছে। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তাদের যথাযথ দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন। কোনোভাবেই যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা না দেয় তারজন্য এখন থেকেই সবরকম প্রচেষ্টা নেওয়া হয়েছে বর্ঝমান পৌরসভার পক্ষ থেকে।


