বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মানজ্ঞাপন মৌমিতা বিশ্বাস মিশ্রকে

বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মানজ্ঞাপন মৌমিতা বিশ্বাস মিশ্রকে

সাহিত্য সংস্কৃতির চর্চার মধ্যে দিয়ে উৎকর্ষ সাধন হয়। এই ধরনের চর্চার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই সমাজকে সমৃদ্ধ করে চলেছেন। তারা যত বেশি করে তাদের চর্চাকে ফুটিয়ে তুলতে পারবেন, ততই সমাজ উন্নত হয়ে উঠবে বলে উল্লেখ করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন তিনি।
মৌমিতা বলেন, আপনাদের নিয়মিত সাহিত্য সংস্কৃতি চর্চার সঙ্গে যত বেশি করে গুণী মানুষদের যুক্ত করতে পারবেন ততই আপনারা সমৃদ্ধ হবেন। নিয়মিত এখানে যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা হয়, সেটা একটা সুস্থ সমাজ গঠনের পক্ষে সহায়ক। তিনি বলেন, একজন শিল্পীর কাছে একটা মঞ্চ হলো মন্দির। তিনি যখন সেই মঞ্চে ওঠেন তখন তার জীবনের সমস্ত সাধনা সার্থকতা লাভ করে। তাই আপনাদের এই মঞ্চে আরও বেশি করে মানুষকে যুক্ত করুন।
এই অনুষ্ঠানে বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী বলেন, আমরা আজকে এখানে রাজ্যের মন্ত্রী তথা আমাদের বিধায়ককে সম্মান জানাতে পেরে নিজেরা ধন্য হয়েছি। তিনি আমাদের পাশে এসে যেভাবে দাঁড়িয়েছেন তাতে আমরা আপ্লুত।
কাশীনাথ বলেন, আমরা মন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে বর্ধমান সাহিত্য পরিষদের দ্বিতল করা সম্ভব হয়। কারণ এখানে একটি অডিটোরিয়াম হলে সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর। অনুষ্ঠানে বন্দেমাতরম সংগীত পরিবেশন করেন মণিদীপা মজুমদার।