1
৪ দফা দাবিকে সামনে রেখে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী
জামালপুর ব্লক আইএনটিইউসি (সেবাদল) — এর পক্ষ থেকে ৪ দফা দাবিকে সামনে রেখে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এই মিছিলে অংশ নেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়, গৌরব সমাদ্দার প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্যামাদাসবাবু বলেন, সারা দেশজুড়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে। জীবনদায়ী ওষুধের দাম লাগামছাড়া। রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। এদিকে কোনো নজর নেই কেন্দ্রীয় সরকারের। তারা খালি কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে গান্ধী পরিবারকে হেনস্থা করতে চাইছে। দেশের মানুষের কোনো উপকার না করে শুধু একটি পরিবারকে তারা আক্রমণের কেন্দ্রবিন্দু করে তুলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা দেশজুড়ে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচী পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আমরা আজ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, একইসঙ্গে আমরা রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি তারও তীব্র প্রতিবাদ করছি। যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছি আমরা।
2
ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সহযোগিতা
বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ার বাসিন্দা ছিলেন প্রয়াত মানস কুমার সাধু। ভাইয়ের মৃত্যুর পর প্রতিবছরই তার মৃত্যুবার্ষিকীতে কিছু না কিছু সামাজিক উদ্যোগ নিয়ে থাকেন বর্ধমানের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী জহর সাধু। এ বছর ছিল মানসবাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে অবস্থিত সমাজকল্যাণমূলক সংস্থা আমার পাঠশালার পাশে দাঁড়ালেন তারা। এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রয়োজনে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল আধুনিক ব্লুটুথ সাউন্ড সিস্টেম। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মানস কুমার সাধুর কন্যা দেবর্পিতা সাধু ও তার ভ্রাতুষ্পুত্র দেবপম সাধু। তারা দুজনেই বলেন, এখানে পাঠরত শিশুদের ব্যবহারের জন্য এই আধুনিক সাউন্ড সিস্টেম তাদের প্রদান করা হলো। এই ধরনের একটি সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে তাদের খুবই ভালো লাগছে। (পজ্)
এ প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, আমরা প্রয়াত মানস কুমার সাধুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারের পক্ষ থেকে যেভাবে আমাদের পাশে অতীতে এবং এখনও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। এই সাউন্ড সিস্টেম এখানে পাঠরত শিশু ও প্রবীণদের পাঠদান কর্মসূচীর ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া এখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও এই সাউন্ড সিস্টেম খুবই কার্যকর হয়ে উঠবে।
3
বিশ্ব ধরিত্রী দিবসে বিদ্যালয়ে বিশেষ উদ্যোগ
২২ এপ্রিল বসুন্ধরা দিবস উপলক্ষ্যে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশন করা হয়। সংস্থার পক্ষে সভাপতি পার্থপ্রতিম মিত্র জানান, এই বর্জ্য তারা হুল্লাডেক নামের একটি সংস্থার মাধ্যমে ডিসপোজ করে থাকেন। অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সত্যজিত ঘোষ “আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট” এই শ্লোগানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বসুন্ধরা প্রীতি সঞ্চারিত করেন। (পজ্)
পাশাপাশি, রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন গাছে কিউ আর কোড বসানোর যে পরিকল্পনা করা হয়েছে, তার সূত্রে এই বিদ্যালয়ে বট, আম, জামরুল, পেয়ারা ইত্যাদি নানারকম গাছে কিউ আর কোডের প্রিন্ট আউট বসানোর উদ্যোগ নেওয়া হয়। এই কাজে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল দেখার মতো। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, আমাদের অনেক বছরের পুরনো গাছগুলোকে এভাবে চিহ্নিত করতে পেরে খুব ভাল লাগছে। এতে ছেলেমেয়েরা ফোনে স্ক্যান করে গাছ চিনতে পারবে। (পজ্)
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, বসুন্ধরা দিবস পালন এখন কোনো লৌকিকতার বিষয় নয়। এটা এখন একান্তভাবে জরুরি। সরকার ও সব পক্ষ তা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে ততই আগামী প্রজন্মের পক্ষে তা মঙ্গলজনক হয়ে উঠবে।
4
ষষ্ঠ সিন্ধু জয় করে ঘরে ফিরলেন সায়নী
এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনো মহিলা হিসাবে ষষ্ঠ সিন্ধু জয় করার খেতাব অর্জন করলেন সায়নী দাস। মঙ্গলবার সন্ধ্যায় ১৮ দিন পর বাড়ি ফিরলেন কালনার বারুইপাড়া এলাকার বাসিন্দা সাঁতারু সায়নী। মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করে সদ্য ষষ্ঠ সিন্ধু পার করার মুকুট মাথায় উঠেছে কালনার সায়নীর। এরপর তার পরবর্তী লক্ষ্য জাপানের সুগারু চ্যানেল জয়। তাহলেই সপ্তসিন্ধুর সাতটি সিন্ধু জয় করার খেতাব অর্জন করবেন সায়নী। এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পরেই তাকে শুভেচ্ছা ও সংবর্ধনায় ভরিয়ে দেন এলাকাবাসী এবং তার আত্মীয় পরিজনেরা। সায়নী জানান, এত কম সময়ে এই চ্যানেল জয় করতে পারবো আমি আগে ভাবিনি। তারা তিনজন সাঁতার কাটতে নামলেও দুজন এই চ্যানেল জয় করতে সক্ষম হন। আপাতত কয়েকদিন রেস্ট এর পরই আবার সুগারু চ্যানেল জয়ের প্রস্তুতি শুরু করবেন সায়নী।


