রাজ্য সরকারের ভাতা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদ প্রদীপের
রাজ্য সরকারের পক্ষ থেকে এবারের বাজেটে যুব সাথী প্রকল্পকে বাস্তবায়িত করার আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে বেকার যুবক-যুবতীরা প্রতিমাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন। এ প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য বর্ধমানে বলেন, এই ধরনের ভাতা প্রদান করার উদ্যোগ ক্ষমতায় আসার পর বামফ্রন্ট সরকার নিয়েছিল। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হয়। কিন্তু একজন বেকার ছেলেমেয়ের যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা এই ভাতা প্রদানের মধ্যে দিয়ে তাদের মেটে না। এবারও যে বেকার যুবক যুবতীদের দেড় হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, এক্ষেত্রে এই অর্থ বেকার যুবক যুবতীদের জীবনের উন্নতিতে বিশেষ কোনো কাজে আসবে না। এই ধরনের ভাতা প্রদানের কাজটা মূলত করা হয় ভোটের দিকে তাকিয়ে ভোট পাওয়ার জন্য। কেন্দ্রে বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার এই ভাতা পাইয়ে দেওয়ার মধ্যে দিয়ে নিজেদের ভোট ব্যাংকে সুনিশ্চিত করার একটা পরিকল্পনা নিয়েছেন। যা সঠিক নয়। এতে বেকার ছেলেমেয়েদের কোনো লাভ হবে না।


