শ্রীশ্রী বাবা বর্ধমানেশ্বরের শিবরাত্রি উৎসব ও মেলা
শ্রীশ্রী বাবা বর্ধমানেশ্বরের শিবরাত্রি উপলক্ষ্যে উৎসব ও মেলার আয়োজন করা হয় ১৪ ফেব্রুয়ারি। এখানে শুভরাত্রিকে কেন্দ্র করে এই উৎসব ও মেলার সূচনা হয়। এবার দুদিন শিবরাত্রি থাকায় প্রচুর ভক্ত সমাগম হয়। এ প্রসঙ্গে এই উৎসব কমিটির সম্পাদক শিবদাস মন্ডল জানান, শিবরাত্রিকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়েছে। এবার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এই উৎসব প্রাঙ্গণে এসেছেন ও তাদের উৎসাহিত করেছেন। প্রবীণ নাগরিকদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান। শিবদাসবাবু বলেন, ৫৪ বছর ধরে এখানে শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্তদের সমাগম হচ্ছে। এই স্থানটিকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য শিবরাত্রির পাশাপাশি শ্রাবণ মাসেও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাটোয়া থেকে গঙ্গার জল নিয়ে এসে ভক্তরা এখানে পুজো দেন। তিনি বলেন, আমরা চাই বাবা শিবের কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে।
এখানে যে স্থানে শ্রীশ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব হয়েছিল, সেই জায়গার মালিকদের অন্যতম অঞ্জন কুমার দে বলেন, ১৯৭২ সালে শ্রীশ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব হয়। তারপর থেকে ৫৪ বছর ধরে এখানে শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্ত সমাগম হচ্ছে। এবারে এখানে মেলা ও উৎসব শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।


