মুখ্যমন্ত্রীর জেলা সফর, দক্ষিণবঙ্গের ১৪ টি জেলায় পাট্টা বিতরণ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দক্ষিণবঙ্গের ১৪ টি জেলার মানুষের জন্য পাট্টা বিতরণ করা হলো। একই সঙ্গে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান করা হলো। এই উপলক্ষ্যে বর্ধমানের মিউনিসিপ্যাল হাইস্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা ও সরকারি আধিকারিকবৃন্দ।
এদিনের এই কর্মসূচী প্রসঙ্গে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ২০১১ সালে রাজ্যে সরকার গঠনের পর থেকে এখনও পর্যন্ত দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এবং ১ লক্ষ ৮০ হাজার কৃষি পাট্টা প্রদান করেছি। এছাড়াও ফরেস্ট পাট্টাও প্রদান করা হয়েছে। তিনি জানান, পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন ধর্মীয় স্থানের সংস্কার কার্যে রাজ্য সরকার সহযোগী ভূমিকা নিয়েছে। এই জেলার দুই মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার করা হয়েছে। পূর্বস্থলীর চুপিতে পাখিরালয় নির্মাণে সহযোগিতা করা হয়েছে। এইভাবে এই জেলার বিভিন্ন প্রান্তে নানান কাজে রাজ্য সরকার বিশেষ ভূমিকা রেখেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এখানে বিভিন্ন সরকারি প্রকল্পকে কার্যকর করেছি। যার মধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, সবুজসাথী, লক্ষীর ভান্ডার ইত্যাদি। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন উপভোক্তাদের হাতে তাদের প্রাপ্য সুবিধা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন উপভোক্তারা এখানে এসে উপস্থিত হন। উপস্থিত ছিলেন কন্যাশ্রীর ছাত্রীরা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অন্যান্য উপভোক্তারাও।


