বোয়াইচন্ডী গ্রামে বাংলা আবাস যোজনায় ঘর করার জন্য ১০ জনকে জমি প্রদান

 

বোয়াইচন্ডী গ্রামে বাংলা আবাস যোজনায় ঘর করার জন্য ১০ জনকে জমি প্রদান

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোয়াইচন্ডী গ্রামে যে সমস্ত বাসিন্দারা বাংলা আবাস যোজনায় বাড়ি করার সুযোগ পেয়েছিলেন, তাদের মধ্যে দশ জনের কোনো বাড়ি করার জায়গা ছিল না। এই পরিস্থিতিতে খণ্ডঘোষ ব্লকের বিডিও এবং বিএলআরও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা আবাস যোজনায় এই দশ জনের বাড়ি করার জন্য ভেস্টেড ল্যান্ড খোঁজার চেষ্টা করেন। এই জায়গা পরবর্তী পর্যায়ে খুঁজে পাওয়া যায় এবং বোয়াইচন্ডী গ্রামের ওই ১০ জন বাসিন্দাকে তৎপরতার সঙ্গে ওই জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর ২২ ফেব্রুয়ারি বিডিও এবং বিএলআরও, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই দশজনকে ভেস্টেড জায়গাগুলি দেখিয়ে দেওয়া হয়। এমনকি তাদের বাড়ি করার জন্য সরকারি অনুমতি দেওয়ার ব্যবস্থাও করা হয়। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পিছিয়ে পড়া অংশের মানুষদের বাড়ি করার সুবিধার্থে সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছেন। কিন্তু কিছু মানুষের বাড়ি করার জন্য নিজস্ব জায়গা না থাকায় সরকারের পক্ষ থেকে তাদের জন্য জায়গার ব্যবস্থা করা হয়। এই কাজে খণ্ডঘোষ ব্লকের বিডিও ও বিএলআরও সবরকমভাবে সহযোগিতা করেছেন। জনপ্রতিনিধি হিসেবে আমরাও এই মানুষদের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা চাই এই এলাকার যে সমস্ত মানুষদের মাথার উপর ছাদ করার ব্যবস্থা নেই, তারা যেন অবশ্যই তাদের আশ্রয়স্থল বানানোর সুযোগ পান।