বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালনে নানান উদ্যোগ গ্রহণ

বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালনে নানান উদ্যোগ গ্রহণ

চলছে ছাত্র সপ্তাহ। উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রদের বিদায় দিয়ে বর্তমান পড়ুয়া ও বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে নতুন ছাত্রদের আলাপ জমাতে প্রতি বছর এহেন সপ্তাহ উৎযাপিত হয় সব স্কুলেই। বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া কিংবা খাদ্যোৎসব ইত্যাদির মাধ্যমে , এই কটাদিনের ভিতর ছাত্রদের পাতে দ্বিপ্রহরিক আহারে বিশেষ ভোজের ব্যবস্থার চেষ্টা করে প্রায় সব স্কুলই। উৎসবের মরশুমে সামনেই মকর সংক্রান্তি। এই উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে দুটি স্কুলে আয়োজিত হলো ঐতিহ্যবাহী পিঠেপুলি উৎসব। নবাবহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরে তিথিভোজন প্রকল্পের আওতায় আয়োজিত এই বিশেষ উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সুস্থায়ী খাদ্যাভ্যাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এর পাশাপাশি হারিয়ে যেতে থাকা ঐতিহ্যবাহী পিঠেপুলির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানো। মেনুতে ছিল চাল ও জোয়ার গুঁড়ি দিয়ে তৈরী নারকেল পুরের সেদ্ধ পিঠে , সরুচাকলি , পাটিসাপটা। ছিল উদ্ভিৎজাত সয়া-দুধ দিয়ে তৈরী দুধপিঠেও। স্কুলের বাচ্ছাদের মিড ডে মিলের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনতে ও সামাজিক এবং শিক্ষামূলক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ আনতেই এহেন উদ্যোগ বলে জানান সংস্থা পক্ষে অন্যতম সন্দীপন সরকার ও পার্থপ্রতিম মিত্র। দুই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত ও পারমিতা ভৌমিক জানান, স্কুলে বাড়ির পরিবেশ দিতেই পিকনিকের মেজাজে এহেন আয়োজন। স্কুলের সকল শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বেশ কিছু অভিভাবকও এদিনের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।