বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ
রাজ্যে নির্বাচনী আচরণবিধি চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। সোমবার বর্ধমান জেলা আদালতে তোলার সময় নাড়ুগোপাল ভকত বলেন, মানুষের প্রতিনিধি আমি। এলাকার মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার। আমাকে গ্রেপ্তার করেছে মানুষের কাজ করার জন্য। বাকি কথা আমাদের দল বলবে। রবিবার রাতেই বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের সমর্থনে শহরের ২২ নম্বর ওয়ার্ডে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভা থেকেই প্রকাশ্যে কাউন্সিলর নাড়ুগোপাল ভকত বলেন, গোটা বর্ধমান শহরের ক্লাবগুলো নাড়ুগোপাল ভকতের পয়সায় চলে। ৪ তারিখের পর আমরা জবাব দেব রাজনৈতিকভাবে।
গতকাল মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরী হয়। সেইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। অভিযোগ, তখনই কাউন্সিলর নাড়ুগোপাল ভকত পুলিশের কাজে বাধা দেন এবং কেন তার অনুমতি ছাড়া এলাকায় পুলিশ প্রবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন।
এই নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তার বচসা বাধে বলে সূত্রের খবর । পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে সমস্যার মুখে পড়তে হয় বলেও জানা গেছে। সেই ঘটনার ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


