জেলার জামালপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধর ও স্লিপ ছেঁড়ার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
২৯ এপ্রিল জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনী সাধারণ ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোট দিতে গেলে তাদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে মারধরের ঘটনাও ঘটেছে।
বিশেষ করে জামালপুরের ১৮৮ ও ১৮৯ নম্বর বুথকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, ওই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটারদের ওপর শারীরিক নিগ্রহ চালানো হয়েছে। শুধু তাই নয়, ভোটারদের হাতে থাকা ভোটের স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন অনেকে। পাশাপাশি, ভোটার তালিকা ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয়দের একাংশের বক্তব্য, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে এলেও, নানা রকম ভয়ভীতি ও বাধার সম্মুখীন হচ্ছেন। এরফলে অনেকেই ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে দাবি উঠেছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে । সব মিলিয়ে, জামালপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিনকে ঘিরে যে উত্তেজনা তৈরী হয়েছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে বলে অভিযোগ।


