বর্ধমান সাহিত্য পরিষদের ১২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | ২১শে জুলাইকে কেন্দ্র করে দেওয়াল লিখন শুরু খন্ডঘোষে


1
বর্ধমান সাহিত্য পরিষদের ১২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবছরের মতো এবছরও বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ তার ১২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করলো। এই উপলক্ষে আষাঢ় মাসের প্রথম দিনটিতে খোসবাগানে বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব ভবনটি সুন্দর করে সাজিয়ে তোলা হয়। এখানে বিভিন্ন মণীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন বর্ধমান সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। তাঁদের নিয়ে আলোচনাও করা হয়। এ প্রসঙ্গে বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী বলেন, সকালে সংস্থার নিজস্ব ভবনে ১২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়।
এদিন বিকেলে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে বর্ধমান সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে মেঘদূত উৎসব পালন করা হয়। এই উৎসবে প্রবীণ ও নবীন সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক রমেন সর। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল। ছিলেন মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, মনোজ সাধু, আনোয়ার আলী, নিতাই মুখার্জী, মাধব ঘোষ,
অনন্ত মন্ডল প্রমুখ। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী। তিনি বর্ধমান সাহিত্য পরিষদের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। কাশীনাথ গাঙ্গুলী জানান, এদিনের অনুষ্ঠানে মোট ১৫ জন সাহিত্যিক, কবি ও শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন কবি ও শিল্পীরা কবিতা পাঠ করেন ও সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সূচারুভাবে সঞ্চালনা করেন সমাপ্তিকা মন্ডল।

2
২১শে জুলাইকে কেন্দ্র করে দেওয়াল লিখন শুরু খন্ডঘোষে

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে বিভিন্ন জায়গায় ২১ জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত শহীদ স্মরণসভাকে কেন্দ্র করে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, আমরা প্রতিবছর ২১ জুলাইকে কেন্দ্র করে সারা ব্লক জুড়ে প্রচার কর্মসূচী চালাই। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ব্লকে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এই কাজে হাত লাগিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। অপার্থিব বলেন, প্রতিবছরের মতো এবছরও খণ্ডঘোষ ব্লক থেকে কয়েক হাজার মানুষ ২১ জুলাইয়ের সকালে কলকাতার ধর্মতলায় উপস্থিত হবেন। সেখানে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা এই সভা থেকে তাদের বক্তব্যের মাধ্যমে যে দিক নির্দেশ করবেন, সেই মতোই আগামী দিনে তারা এখানে দলকে পরিচালিত করবেন।