প্রথম দফার ভোট নিয়ে কড়া বার্তা বিজেপির মনোজ তিওয়ারির


প্রথম দফার ভোট নিয়ে কড়া বার্তা বিজেপির মনোজ তিওয়ারির

২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তবে দু-একটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “যারা অশান্তি করেছে, তারা ভুল করেছে—তাদের শাস্তি হবেই”।
২৩ এপ্রিল পূর্ব বর্ধমানের বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সমর্থনে রোড শো-তে যোগ দিতে এসে এই মন্তব্য করেন মনোজ। তার আগে শহরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সাংসদ।
বীরভূমের লাভপুরে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, “ঘটনার কথা শুনেছি। তৃণমূলের লোকজন ছটফট করছে, কারণ আগের মতো ভোট করাতে পারছে না। তাই আজ যারা গুন্ডাগিরি করেছে, তারা পরে শাস্তি পাবে”।
উল্লেখ্য, প্রথম দফার ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর যে বাড়ছে, তা স্পষ্ট এই মন্তব্যেই।
তিনি আরও বলেন,
যেখানে গন্ডগোল হয়েছে বা যারা গন্ডগোল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চয়ই নেবে নির্বাচন কমিশন। কেউই ছাড় পাবে না।
তৃণমূলকে কটাক্ষ করে মনোজ তিওয়ারি বলেন, “তৃণমূলের গুন্ডাগিরির আর কোনও জায়গা নেই। কয়েকদিন পরেই তারা নিজেদের কাজের ফল বুঝতে পারবে।” এবারের ভোটে মানুষই তাদের মুখের উপর জবাব দেবে। ভোটের ফল থেকেই সেটা বুঝতে পারবে তৃণমূল।