প্রগতি সংঘের দুর্গাপুজোর উদ্বোধন করলেন জয়াপ্রদা | বিদ্যাসাগরের জন্মদিবস পালন | পুনরায় তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার পর সম্বর্ধিত অপার্থিব


1
প্রগতি সংঘের দুর্গাপুজোর উদ্বোধন করলেন জয়াপ্রদা

বর্ধমান শহরের ১৮ নম্বর ওয়ার্ডে গোলাহাট প্রগতি সংঘের সার্বজনীন পুজোর উদ্বোধন করলেন মুম্বাইয়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী জয়াপ্রদা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন জয়াপ্রদা। তাঁকে স্বাগত জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে জয়াপ্রদার মতো একজন ভারতখ্যাত অভিনেত্রী আজ এই পুজোর উদ্বোধন করছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। জয়াপ্রদা বলেন, বর্ধমানের এই মাটিতে এসে তার খুবই ভালো লাগছে। এখানকার মাটিকে তিনি প্রণাম জানান। একইসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন। তিনি মা দুর্গার কাছে সকলের শুভ কামনা করেন। পাশাপাশি তার অভিনীত একটি চলচ্চিত্রের গানের সঙ্গে স্বল্প সময়ে নৃত্য পরিবেশন করেন। (পজ্)

2
বিদ্যাসাগরের জন্মদিবস পালন

বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মবার্ষিকীতে মিউনিসিপাল স্কুলের রাজেন্দ্রভবনে বর্ধমানের ৩২ টি স্কুলের ১৬০ জন ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন করে নোডাল অফিসারকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত এক বছর ধরে যে সমস্ত স্কুলের পরিবেশ প্লাস্টিক ও পার্থেনিয়াম মুক্ত করা হয়েছে সেই সমস্ত স্কুল ও প্রতি স্কুলের ৫ জন করে গ্রিন ভলেন্টিয়ার্সকে পুরস্কৃত করা হয়। শহরের চারটি স্কুল মিউনিসিপ্যাল গার্লস, বিসি রোড সি এম এস, বিদ্যার্থীভবন গার্লস এবং কাঞ্চননগর ডি এন দাস স্কুল সেরা পরিবেশ বান্ধব স্কুল হিসেবে নির্বাচিত হয়। চারটি স্কুলের ২০ জন ভলেন্টিয়ারকে এককালীন ১০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। মোট ১৬০ জন ছাত্রছাত্রীকে একটি করে স্টিলের জলপানের বোতল দেওয়া হয়। প্লাস্টিক বোতল বর্জনের লক্ষ্যে এই উপহার বলে জানান সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বর্ধমান সদর থানার আই সি দিব্যেন্দু দাস, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকারিক রামশংকর মন্ডল, পরিবেশবিদ ড • সুভাষ চন্দ্র দত্ত ও ড• সৌমেন সিংহরায় প্রমুখ। (পজ্)

3
পুনরায় তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার পর সম্বর্ধিত অপার্থিব

পরপর পাঁচবার ব্লক সভাপতি হওয়ার পর জনজোয়ারে ভাসলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন)। ২৬ সেপ্টেম্বর খণ্ডঘোষের বাদুলিয়ায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন দলের নেতৃত্ব ও কর্মীরা। জানা গেছে, দশটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হয়ে তাদের প্রিয় দাদা ফাগুনদাকে সম্মান জ্ঞাপন করেন। ফুলে-মালায় ভরিয়ে দেওয়া হয় তাকে। প্রায় দশ হাজার মানুষের সমাগম ঘটে এদিন। অপার্থিব বলেন, দলের নেতৃত্ব ও কর্মীরা যেভাবে আজ আমাকে সম্মান জানালেন তাতে আমি আপ্লুত ও অভিভূত। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব আমাকে যে দায়িত্ব আবারও অর্পণ করেছেন, আমি সেই দায়িত্ব আন্তরিকভাবে পালন করার চেষ্টা করবো। এদিন উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে অপার্থিব বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খন্ডঘোষ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আরও বেশি ভোটে জয়লাভ করাতে হবে। গত বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩০ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। ২০২৬-য়ে এই জয়ের মার্জিন ৪০ হাজার করতে হবে। আর তারজন্য এখন থেকেই নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করতে হবে বলে উল্লেখ করেন অপার্থিব। (পজ্ )