পৌষকে বরণ করার মধ্যে দিয়ে বাদুলিয়া মনের মেলার আয়োজন || এসআইআর নিয়ে পর্যালোচনা বৈঠক রবীন্দ্রভবনে


1
পৌষকে বরণ করার মধ্যে দিয়ে বাদুলিয়া মনের মেলার আয়োজন

পৌষকে বরণ করার মধ্যে দিয়েই শুরু হচ্ছে বাদুলিয়া মনের মেলা। ১ পৌষ এই মেলা শুরু হবে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া মাঠে। মেলা চলবে ৬ পৌষ পর্যন্ত। এই মেলার অন্যতম উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এবার বাদুলিয়া মনের মেলা ৫ ম বর্ষে পদার্পণ করলো। এই মেলা আয়োজনের মূল লক্ষ্য হলো পৌষ বরণ। অর্থাৎ গ্রামবাংলায় পৌষ মাসকে কেন্দ্র করে ধান ঘরে তোলা হয়। ফলে কৃষিজীবী বেশিরভাগ পরিবারে একটা খুশির বাতাবরণ তৈরী হয়। আর তারই মাঝে এই মেলার আয়োজন মানুষকে আরও একটু বাড়তি আনন্দ এনে দেয়। অপার্থিব বলেন, এই ধরনের মেলাকে কেন্দ্র করে বাণিজ্যের একটা প্রসার ঘটে। বহু ক্ষুদ্র ব্যবসায়ী এই ধরনের মেলায় নানান সামগ্রী নিয়ে বসেন। কেনাকাটা হয়। এর মধ্যে দিয়ে স্থানীয় এলাকার একটা আর্থিক বিকাশ সাধিত হয়। এছাড়া মেলার মঞ্চে প্রতিদিনই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীরা অংশগ্রহণ করেন। এবারও সেই উদ্যোগ নেওয়া হয়েছে।। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দিনে গুণী ও বিশিষ্ট মানুষজনদের সঙ্গে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ৬ দিনের এই মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চলে পরিবারগুলিতে আত্মীয় পরিজনরা আসেন। এর ফলে একটা আনন্দের পরিবেশ গড়ে ওঠে। আমরা সেই আনন্দকে ধরে রাখতে চাই। তাই প্রতিবছর এই বাদুলিয়া মনের মেলার আয়োজন করে চলেছি।

2
এসআইআর নিয়ে পর্যালোচনা বৈঠক রবীন্দ্রভবনে

বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বর্ধমান রবীন্দ্রভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ। এই সভায় তন্ময় সিংহ রায় জানান, গত ১১ ডিসেম্বর এসআইআর – এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। ১৬ ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের আবার হিয়ারিং করা হবে। সেইসময় তাদের নির্দিষ্ট কাগজপত্র নিয়ে প্রশাসনিক দপ্তরে উপস্থিত হতে হবে। এই বিষয়ে মানুষের যা যা জিজ্ঞাস্য থাকবে সেটা তাদের বুঝিয়ে দিতে হবে। এই কাজটা দলের পক্ষ থেকে বিএলএ ২রা যেমন করবেন, তেমনই সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের এগিয়ে আসতে হবে। খোকন দাস বলেন, এসআইআর – এর কাজে প্রথম পর্যায়ে যেমন সাধারণ মানুষকে সহযোগিতা করা হয়েছে, তেমনই পরবর্তী পর্যায়তেও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সবরকম ভাবে সাহায্য করতে হবে। উপস্থিত অন্যান্য নেতৃত্বরাও এক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে দলের কর্মীদের সজাগ থাকার কথা বলেন।

#বাদুলিয়ামনেরমেলা #পৌষবরণ #গ্রামবাংলারউৎসব #লোকসংস্কৃতি #পূর্ববর্ধমান #খণ্ডঘোষ #মেলা #সাংস্কৃতিকঅনুষ্ঠান #কৃষিজীবন #স্থানীয়অর্থনীতি #বাংলারঐতিহ্য#SIR #ভোটারতালিকা #রবীন্দ্রভবন #বর্ধমান #তৃণমূলকংগ্রেস #জনস্বার্থ #রাজনীতি #নির্বাচনপ্রস্তুতি #দলীয়বৈঠক #পূর্ববর্ধমান