1
বর্ধমান উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো
বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি বা বিডিএ-র বোর্ড মিটিংয়ে এই সংস্থার এলাকাভুক্ত রাস্তার উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, এটি বর্ধমান উন্নয়ন পর্ষদের ৪৫ তম বোর্ড মিটিং। তিনি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড মিটিং। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিডিএ-র দুই ভাইস চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত ও আইনুল হক। এছাড়াও বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। উজ্জ্বলবাবু বলেন, বিডিএ-র এলাকাভুক্ত বেশকিছু রাস্তা সংস্কার করা হবে। এরজন্য টেন্ডার হয়েছে। এই রাস্তাগুলির কাজ যাতে দ্রুত করা যায় তারজন্য রাজ্যের উন্নয়ন দপ্তর থেকে অনুমোদনের বিষয়টি ঠিকভাবে করার ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও কার্জন গেটের সামনে যে কফি শপ রয়েছে সেটি যাতে চালু করা যায় তারজন্য পুনরায় টেন্ডার করা হচ্ছে। বিডিএ-র অধীনে থাকা ব্যাঙ্কোয়েট হল নিয়েও টেন্ডার করা হবে। এগুলি কার্যকর হলে বর্ধমান উন্নয়ন পর্ষদের আয়ও বাড়বে। উজ্জ্বলবাবু বলেন, সামগ্রিক বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
যে সমস্ত রাস্তাগুলির কাজ ইতিমধ্যে হয়েছে তা নিয়েও আমরা আলোচনা করেছি।
2
সরকারের ১৫ বছরের পথচলার সাফল্যের কথা পৌঁছবে ঘরে ঘরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, সুরক্ষা ও মানবিকতার অঙ্গিকারে তৈরী হয়েছে এক নতুন বাংলা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই গৌরবময় ১৫ বছরের পথচলার কথা ইতিমধ্যেই ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ১৫ বছরের গৌরবময় যে পথচলা তার বার্তা খণ্ডঘোষ ব্লকের প্রতিটি গ্রামের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে উল্লেখ করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলা। তিনি বলেন, দীর্ঘ এই প্রায় ১৫ বছরের পথচলা কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। একই সঙ্গে ৯০ টির বেশি সরকারি প্রকল্পকে কার্যকর করেছেন। তিনি এই প্রকল্পের সুবিধা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার কর্মসূচীর মধ্যে দিয়ে সরকারি কর্মীরাই মানুষের কাছে এসে বিভিন্ন প্রকল্পের সুবিধা তাদের দেওয়ার চেষ্টা করেছেন। এর পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষদের জন্য থাকা প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়েও এই কাজ সুসম্পন্ন করা গেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ ব্যাপারে সাধারণ মানুষকে সবরকম ভাবে সাহায্য করে চলেছি। সমবেত প্রচেষ্টায় ১৫ বছরের এক গৌরবময় অধ্যায় তৈরী হয়েছে এই বাংলায় বলে উল্লেখ করলেন অপার্থিব।


