টিএমসিপি-র উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে II বিজ্ঞান কেন্দ্রে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস II ভোটার তালিকা পর্যবেক্ষণে কোনো কান্তি নেই তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের


1
টিএমসিপি-র উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডে খেলা হবে উদ্যানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দেড়শোর অধিক ছাত্রছাত্রী এই রক্তদান শিবিরে রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সংগঠনের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা প্রমুখ। এ প্রসঙ্গে স্বরাজ ঘোষ বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০ টি সরকারি ও বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে রক্তদান করবেন। রক্তদানের মোট লক্ষ্যমাত্রা রয়েছে ৩ হাজার ইউনিট। সংগৃহীত এই রক্ত বিভিন্ন ব্লাড ব্যাংকে দেওয়া হবে। ৪ এপ্রিল এমবিসি পলিটেকনিক কলেজে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই কর্মসূচীর সূচনা হয়। ৮ এপ্রিল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন কলেজে পরীক্ষা শেষ হলে পরপর রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।

2
বিজ্ঞান কেন্দ্রে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস

বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্য স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান বিষয়ে প্রশিক্ষণ। তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ছিল ওপেন হাউস ক্যুইজ। এই ক্যুইজে উপস্থিত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ছিল পপুলার লেকচার প্রদান অনুষ্ঠান। এ প্রসঙ্গে ডিস্ট্রিক্ট সায়েন্স অফিসার নিখিলেশ বিশ্বাস জানান, ৮ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পপুলার লেকচার দেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার অরিন্দম ঘোষ। প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রী এদিন উপস্থিত ছিল। তারা এই দিনটির তাৎপর্য এদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে উপলব্ধি করে। নিখিলেশবাবু জানান, বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলি অত্যন্ত মর্যাদা সহকারে পালন করা হয়। ভবিষ্যতে তারা আবারও বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করবেন।

3
ভোটার তালিকা পর্যবেক্ষণে কোনো কান্তি নেই তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের

প্রতিদিনই বেলা নটার পর থেকে সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের পক্ষে ঘরের বাইরে কাজ করা সমস্যা হয়ে উঠেছে। একান্ত প্রয়োজনে যদিও বেশকিছু মানুষকে রাস্তাঘাটে চলাচল করতে হচ্ছে, কিন্তু সূর্যের এই তাপকে উপেক্ষা করে বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে প্রতিদিন ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ করে চলেছেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তারা ধারাবাহিকভাবে প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন পার্টে বসবাসকারী নাগরিকদের কাছে পৌঁছচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন। সেই সমস্ত পরিবারে কে কে ভোটার রয়েছেন সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ভোটার তালিকা ধরে তাদের নাম মিলিয়ে নিচ্ছেন। সকাল থেকে বেলা পর্যন্ত এই কাজ প্রতিদিন ২৯ নম্বর ওয়ার্ডে করা হচ্ছে। এ প্রসঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা এই ওয়ার্ডে মাসাধিক কাল ধরে ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ করে চলেছি। কোনোভাবেই এই কাজে আমরা কোনো গাফিলতি করিনি। দলের কর্মীরা এই গরমে ক্লান্তিহীন ভাবে পরিশ্রম করে চলেছেন। আমাদের একটাই লক্ষ্য বিজেপির চক্রান্তকে ব্যর্থ করা। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম ঢোকানোর বিষয়টি আটকে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই আমরা পথে নেমেছি।