1
শহরের ৩৫ টি ওয়ার্ডেই বুথভিত্তিক মিটিংয়ে গুরুত্ব প্রদান
বর্ধমান পৌরসভার অন্তর্গত ৩৫টি ওয়ার্ডেই শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথভিত্তিক মিটিং করা হচ্ছে। এই মিটিংয়ে উপস্থিত থাকছেন স্থানীয় কাউন্সিলর, ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই ওয়ার্ডগুলির প্রতিটি পার্টে ভোটার তালিকা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, ভোটার তালিকায় বিজেপি কারচুপি করার যে প্রচেষ্টা নিয়েছে তা ইতিমধ্যেই ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ ব্যাপারে সারা রাজ্যজুড়েই তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের বিষয়টি গুরুত্ব সহকারে নজর দেওয়ার কথা বলেছেন। আর তাই বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ভোটার লিস্ট নিয়ে পর্যবেক্ষণের কাজ শুরু করে দিয়েছেন। সেই বিষয়গুলি নিয়েই বুথস্তরে প্রতিটি ওয়ার্ডে দলের কর্মী ও নেতৃত্বদের উপস্থিতিতে আলোচনা করা হচ্ছে। এই কাজ এখন ধারাবাহিকভাবে চলবে বলে জানা গেছে।
2
জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে শ্রমজীবীদের মধ্যেও
দেশজুড়ে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে এই ঘটনায় যেভাবে উদাসীন রয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে তারা দেশের মানুষের স্বার্থের কথা ভাবে বলে মনে হয় না। এইভাবে ওষুধের মূল্যবৃদ্ধি ঘটলে সাধারণ চাকুরিজীবী মানুষদের পাশাপাশি সমাজের সর্বস্তরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষরাও দারুণ সমস্যায় পড়বেন বলে দাবি করলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু। এই শ্রমজীবরা যৎসামান্য অর্থ উপার্জন করেন। সেই অর্থ তাদের জীবনধারণে ব্যয় হয়ে যায়। ফলে ওষুধ কিনে খাবার মতো অর্থ তাদের হাতে খুব কমই থাকে। এরপর যদি আবার ওষুধের মূল্যবৃদ্ধি ঘটে তাহলে খুব কঠিন পরিস্থিতি তৈরী হবে তাদের জীবনে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশক্রমে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের স্বার্থে কেন্দ্রের এই জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে পথে নেমে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমজীবীরাও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলার প্রতিটি পৌরসভা ও ব্লক এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালন করা হচ্ছে। আমাদের একটাই দাবি, জীবনদায়ী ওষুধের মূল্য কমাতে হবে।
3
বর্ধমানে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা
পূর্ব বর্ধমান জেলার জোতরাম প্যামরায়, পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অধিবেশন কেন্দ্রে অনুষ্ঠিত স্মরণ শুভ নববর্ষ উপলক্ষ্যে আগামী ১৪,১৫,১৬ই এপ্রিল মহতী ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ এপ্রিল অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা । পূর্ব বর্ধমানে জেলা ভিত্তিক এই প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন প্রতিযোগী অংশগ্ৰহণ করে। ছিল ভক্তিগীতি, আবৃত্তি,একক নৃত্য ও যোগাসন প্রতিযোগিতা। প্রায় ১২০ জন এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৪ এপ্রিল দুপুর সাড়ে তিনটেয়। এদিনও সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


