খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাত বারোটা এক মিনিটে জাতীয় পতাকা উত্তোলন | জামালপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালন করা হলো স্বাধীনতা দিবস | নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন | জামালপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে জনপ্রতিনিধিরা | বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন


1
খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাত বারোটা এক মিনিটে জাতীয় পতাকা উত্তোলন

১৪ ই আগস্ট শেষ, শুরু ১৫ আগস্ট। আর শুরুর সেই সময়েই রাত ঠিক বারোটা বেজে এক মিনিটে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। এই পতাকা উত্তোলন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম (ফাগুন)। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় , দলের যুব নেতৃত্ব শুভেন্দু পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অপার্থিব ইসলাম বলেন, এ বছর ৭৯ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে আমরা ব্রিটিশ শক্তির হাত থেকে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছি। তবে বর্তমান সময়ে আমাদের দেশে একটা বিভেদের রাজনীতি চালানো হচ্ছে। ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে প্রভেদ করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। তাই আমরা স্বাধীন হলেও ব্রিটিশের যে বিভাজনীতি তা আজও রয়ে গেছে। এই নীতিকে প্রতিহত করতে হবে আমাদের। আজকে স্বাধীনতা দিবসে সেটাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।

2
জামালপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালন করা হলো স্বাধীনতা দিবস

সারা দেশে আজ মহা সমারোহে পালন করা হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস। আজ ব্লক তৃণমূল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত ‍সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। জাতীয় পতাকা উত্তোলনের পর দলীয় পতাকাও উত্তোলন করা হয়। একই সঙ্গে বিভিন্ন মণীষীদের ছবিতে মাল্যদান করা হয়। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, দেশের স্বাধীনতা দিবস পালন করা এক বিরাট সম্মানের বিষয়। তিনি আরও জানান, ব্লকের ১৩ টি অঞ্চলেই অঞ্চল পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়েছে। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুর ব্লকের প্রত্যেক বাসিন্দাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। (পজ্)

3
নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের ঘাটেরপাড়ায় দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হলো। এই গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। ২৩ শে জানুয়ারি সেখানে তাঁর প্রতি যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তেমনই ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনটিও যথাযোগ্য মর্যাদা সহকারে স্থানীয় বাসিন্দারা পালন করেন। এবার এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা প্রমুখ। এদিন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব শ্যামাপদ মালিক নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। গ্রামের এই প্রবীণ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অপার্থিব ইসলাম। তিনি বলেন, তাঁর প্রায় ৯০ বছরের কাছাকাছি বয়স হয়েছে। দেশ স্বাধীন হওয়ার দিনটি তিনি যেমন দেখেছেন, আজও ৭৯ তম স্বাধীনতা দিবসের দিনটিতে তাঁর মধ্যে একটা আবেগ রয়েছে। আমরা তাঁর কাছ থেকে কিছু কথা শুনতে পেয়েছি। অপার্থিব বলেন, এই গ্রামে প্রায় একশো শতাংশ তপশিলি জাতিভুক্ত মানুষদের বসবাস। এই গ্রামের মানুষরাই নিজেরা আর্থিক অনুদান প্রদানের মধ্যে দিয়ে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করেছেন। তাদের প্রত্যেকের মধ্যে একটা জাতীয়তাবাদী আবেগ রয়েছে। যা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন। এই দিনটিতে আমরা তাদের সঙ্গে থাকতে পেরে খুবই গর্ব অনুভব করছি। বিশ্বনাথ রায় বলেন, স্বাধীনতা দিবসের তাৎপর্য আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গভীর। আর ঘাটেরপাড়া গ্রামে এসে এখানকার মানুষের মধ্যে যে আবেগ প্রত্যক্ষ করলাম, তা আমাদের ভীষণভাবে আপ্লুত করেছে। এই গ্রামের প্রত্যেকেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

4
জামালপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে জনপ্রতিনিধিরা

রাজ্যেজুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। পূর্ব বর্ধমান জেলার জামালপুরেও চলছে পাড়ায় সমাধান ক্যাম্প। এই ব্লকের আবুইঝাটি ২ অঞ্চলে কুলিনগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও জোতশ্রীরাম অঞ্চলের শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ক্যাম্প। এই ক্যাম্প পরিদর্শন করতে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, দুই প্রধান ঝর্ণা দাস ও আরিফা বেগম, রমেন্দ্রনাথ কোনার, শ্যামল চ্যাটার্জী, তপন দে সহ অন্যান্যরা। তাঁরা ক্যাম্পে গিয়ে সেখানে আসা মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। সমস্যা সমাধানের নির্দেশও দেন। বলেন, পাড়ায় সমাধানের মধ্য দিয়ে প্রতিটি বুথে যে সমস্ত উন্নয়নের কাজ বাকি আছে সেটুকুও হয়ে যাবে। এলাকার উন্নয়নে স্থানীয় মানুষের নিবিড় যোগসূত্র থাকবে। (পজ্ )

5
বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন

ভারতবর্ষের ৭৯ তম পবিত্র স্বাধীনতা দিবস মর্যাদার সঙ্গে পালন করলো বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ। সঙ্গে ছিল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। যৌথ ভাবে এই দিনটি পালন করা হয়। বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কবি ও নাট্যকার দেবেশ ঠাকুর। প্রথম পর্যায়ে সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী সঞ্চালনা করেন। উপস্থিত সদস্যরা জাতীয় নেতাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন। সমবেত সংগীত পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস তুলে ধরে সুন্দর বক্তব্য রাখেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, কবি নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর, সাহিত্যিক নিখিল চক্রবর্তী, নিতাই মুখার্জী, শিক্ষক মানব সরকার, আনোয়ার আলী, সমাজসেবী সঞ্জয় মন্ডল, নাট্যকার দীপেন্দ্রনাথ শীল, সাহিত্যিক প্রণব মুখার্জী। সঞ্চালনা করেন দেবনাথ মুখার্জী। গীতি আলেখ্য “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম” পরিবেশন করা হয়। প্রণব মুখার্জী ও কাশী নাথ গাঙ্গুলীর এই গীতি আলেখ্যতে অংশগ্রহণ করেন কাশীনাথ গাঙ্গুলী, করবী ঘোষ, রুবি আজিম, করবী মল্লিক, মনোমালা সৎপতি, মিতা মন্ডল।