ছাত্রছাত্রীদের নিয়ে কবাডি প্রতিযোগিতার আয়োজন | পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন জনপ্রতিনিধিরা | স্নাতকস্তরে ক্লাস চালুর দাবিতে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন এসএফআইয়ের


1
ছাত্রছাত্রীদের নিয়ে কবাডি প্রতিযোগিতার আয়োজন

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত বাদুলিয়া ফুটবল ময়দানে জেলার সদর সাউথ সাব ডিভিশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাব ডিভিশনের মোট ৩৫ টি স্কুলের ৩০০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ এই তিনটি বিভাগে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন এখান থেকে সেরা তিনটি টিমকে বেছে নেন বিচারকরা। এই তিনটি টিম আগামী দিনে মহকুমা ও জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরবর্তী পর্যায়ে তারা জয়লাভ করলে রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে পারবে বলে জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, এই মাঠের পরিবেশ খেলার অনুকূল। এখানে অতীতেও বহু ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই আগামী দিনে মহকুমা ও জেলা স্তলের প্রতিযোগিতাও এখানে অনুষ্ঠিত হোক। এদিনের এই প্রতিযোগিতার সূচনা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কুমার মল্লিক প্রমুখ।

2
পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন জনপ্রতিনিধিরা

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে আঝাপুর ও পাঁচড়া অঞ্চলে শাঁচড়া প্রাইমারি স্কুল ও হাবাসপুর প্রাইমারি স্কুলে পাড়ায় সমাধানের ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পগুলি সরেজমিনে পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই অঞ্চল প্রধান কাশীনাথ হেমব্রম ও বিকাশ পাকড়ে, অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত ও জয়দেব দাস সহ অন্যান্যরা। দুই ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী ও অরিন্দম চন্দ। মেহেমুদ খান বলেন, পাড়ায় সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উন্নয়নের লক্ষ্যে বুথ পিছু ১০ লক্ষ টাকা করে ব্যয় করা হবে সেই নির্দিষ্ট পাড়ায়। পাড়ার মানুষই নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন। আর তারই ভিত্তিতে সেই পাড়ার সমস্যার সমাধান করা হবে। যা একটি যুগান্তকারী কর্মসূচী বলা যায়। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, মুখ্যমন্ত্রী সবসময়ই অনন্য চিন্তাভাবনা করেন। পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেটুকু উন্নয়ন বাকি আছে সেটাও সম্পন্ন হবে। এর ফলে প্রতিটি এলাকার মানুষরা খুবই উপকৃত হবেন।

3
স্নাতকস্তরে ক্লাস চালুর দাবিতে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন এসএফআইয়ের

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৫ মাস অতিক্রান্ত। এখনও পর্যন্ত স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ হল না। দীর্ঘ ৫ মাস লেখাপড়া বিহীন একটা গোটা শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা। ভিড় বাড়ছে বেসরকারি কলেজের লাইনে। যাদের আর্থিক সঙ্গতি নেই বেসরকারি কলেজে পড়ার, তারা নয় লেখাপড়া বিমুখ হয়ে পড়ছে অথবা অন্য কাজে যুক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করে স্নাতক স্তরের ক্লাস চালুর দাবিতে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা)-এর কাছে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল। এ প্রসঙ্গে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক উষসী রায় চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের সংগঠন সবসময় তাদের পাশে রয়েছে। শিক্ষা ক্ষেত্রে যে অনাচার চলছে, তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলেই আমরা এদিন এই ডেপুটেশন কর্মসূচীতে অংশগ্রহণ করেছি।