অপরাজিতা বিল অনুমোদনের দাবিতে পূর্বস্থলীতে প্রতিবাদ সভা

 

কেন্দ্রে অপরাজিতা বিলের অনুমোদনের দাবিতে সারা রাজ্যের মতো পূর্বস্থলী ১ নম্বর ব্লকেও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিল হেমায়েতপুর মোড় থেকে শুরু হয় এবং উত্তর শ্রীরামপুর মোড়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী ও সমর্থকেরা। সারা রাজ্যে বিভিন্ন সময়ে আক্রান্ত হচ্ছেন মহিলারা। ধর্ষণ করে খুন করা হচ্ছে মহিলাদের। শিশু থেকে বৃদ্ধ কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এত অন্যায় করার পরেও তাদের সেভাবে কোনো কঠিন সাজাও হচ্ছে না। রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ঘটনা ঘটার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু ও নারী সুরক্ষার জন্য বিধানসভায় অপরাজিতা নামে একটি নতুন বিল পাস করেন। তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। নতুন এই বিল অনুযায়ী ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। যা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং দু মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এমনই বলা হয়েছে এই বিলে। এই নতুন বিলে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত স্বাক্ষর করেননি। শিশু ও মহিলাদের জন্য আনা অপরাজিতা বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর না করায় রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে আন্দোলন সংগঠিত করা হয়। পূর্বস্থলী ১ নম্বর ব্লকেও নতুন মহিলা বিল অপরাজিতা অনুমোদনের দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এই বিল অবিলম্বে অনুমোদনের দাবি জানান মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।