বর্ধমান উৎসব ময়দানে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

 

 

২৯ নভেম্বর থেকে বর্ধমান উৎসব ময়দানে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা। এই মেলা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী জোৎস্না মান্ডি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক আয়েশা রাণী, জেলা পুলিশ সুপার শায়ক দাস, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, ক্রেতা সুরক্ষা দপ্তরের রাজ্য আধিকারিকদের মধ্যে অন্যতম প্রিয়দর্শিনী এস, তীর্থঙ্কর হালদার, রোমেলা দে প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়েই এই মেলার উদ্বোধন হয়। এ প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, সাধারণ মানুষের বেশকিছু সার্বিক অধিকার রয়েছে। যার মধ্যে অন্যতম হলো, দৈনন্দিন জীবনযাপনের জন্য তারা যা কেনাকাটা করেন সে ক্ষেত্রে তারা যেন কোনভাবেই প্রতারণার শিকার না হন। আর এই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্যই ক্রেতা সুরক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গে এই দপ্তর অত্যন্ত সক্রিয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে এই ধরনের একটি দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন। আমাদের রাজ্যের ক্রেতাদের সচেতন করার জন্য এই ধরনের মেলার আয়োজন। এটি পূর্বে কলকাতায় হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই মেলার আয়োজন করা হচ্ছে। বর্ধমান শহরে এই মেলা প্রথম হলো। আমি আশাবাদী, এই মেলায় আগত মানুষজন এখানে বিভিন্ন স্টল ঘুরে দেখবেন এবং ক্রেতা সুরক্ষা বিষয়ে তারা সচেতন হবেন।