স্বনির্ভরতার লক্ষ্যে মুরগির ছানা বিলি

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েত এলাকায় স্থানীয় পিছিয়ে পড়া পরিবারের বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মুরগির ছানা বিলি করা হলো। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই এলাকার ২৮৫ জনের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে ব্লক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক গুরুপদ মান্ডি জানান, এই ধরনের কাজের মূল লক্ষ্য হলো এলাকায় পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। বিশেষ করে পরিবারে মহিলারা যারা ঘরে থাকেন, তারা যাতে প্রাণী প্রতিপালন করে সেখান থেকে আয় করতে পারেন, সেই উদ্যোগ তারা নিয়েছেন। তাই বিভিন্ন সময়ে হাঁস, মুরগি, ছাগলছানা বিলি করা হয়। হাঁস-মুরগির ডিম বিক্রি করে, ছাগলছানা বড় হলে সেই ছাগল বিক্রি করে বাড়ির মহিলারা অর্থ উপার্জন করতে পারেন। যা তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে।