সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রতি অসম্মান কাঙ্খিত নয়, বার্তা কাউন্সিলরের II আম্বেদকরের প্রতি কটুক্তির প্রতিবাদে ২৯ নম্বর ওয়ার্ডে মিছিল

1
সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রতি অসম্মান কাঙ্খিত নয়, বার্তা কাউন্সিলরের

যেকোনো মানুষেরই বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করার অর্থ দেশের সংবিধানকে অবমাননা করা। আর সেই কাজটাই করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আর তারই ফলস্বরূপ আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা বলে জানালেন বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবুদ্দিন খান। তিনি বলেন, দলিত শ্রেণীকে সবসময়ই নীচু চোখে দেখে বিজেপি। তারা দলিত শ্রেণীকে সম্মান দিতে চায় না। তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে অবলীলাক্রমে অসম্মান করেন। যা অত্যন্ত গর্হিত কাজ বলেই আমরা মনেকরি। সাহাবুদ্দিন বলেন, এই ঘটনার প্রতিবাদ জানাতে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ পথে নেমেছেন। ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের সামিল হয়েছেন তারা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় দলিত শ্রেণীর স্বার্থে তাদের পাশে থেকে লড়াই করেছেন। তাই এই ধরনের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করার জন্য তৃণমূলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে তাঁরা পথে নামার নির্দেশ দিয়েছেন। আমরা তাঁদের সেই নির্দেশকে মান্যতা দিয়ে প্রতিবাদ করছি। সাহাবুদ্দিন বলেন, বিজেপির কাজই হল বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরী করা। আর সেই বিভেদকে কাজে লাগিয়ে তারা দেশকে সবসময় বিপথে পরিচালিত করতে চায়।

2
আম্বেদকরের প্রতি কটুক্তির প্রতিবাদে ২৯ নম্বর ওয়ার্ডে মিছিল

১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতে সংবিধান রচনা করা হয়। আর বিআর আম্বেদকর ছিলেন ভারতবর্ষের সংবিধানের প্রণেতা। তিনি আমাদের দেশের গর্ব। তাঁর প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটুক্তি ও অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম বলে মন্তব্য করলেন বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সংবিধান প্রণেতার প্রতি যে ধরনের কটুক্তি করেছেন তা অত্যন্ত মানহানিকর। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। ওয়ার্ডে প্রত্যেক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী পথে নেমে প্রতিবাদ মিছিলের সামিল হয়েছেন। আম্বেদকরের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন সুশান্তবাবু। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা আবার ঘটলে আমরা আবারও পথে নেমে প্রতিবাদ করবো।