1
অনুমতি ছাড়াই শ্যামনগরে অবাধে গাছ কাটার অভিযোগ,ঘটনাস্থলে হাজির পুলিশ ও কাউন্সিলর
রবিবার সকাল ১০টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয় পুলিশ। উপস্থিত ছিলেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। সূত্রের খবর, রবিবার সকালে নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কপালিপাড়ার শ্যামনগর এলাকায় জনৈক শংকর মন্ডল তার জমিতে থাকা একাধিক মূল্যবান আকাশমণি গাছ কাটছিলেন। বনদপ্তরের অনুমতি ছাড়াই অবাধে গাছ কাটার অভিযোগ ওঠে কপালি পাড়ার বাসিন্দা শংকর মণ্ডলের বিরুদ্ধে। অপরদিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে সবিস্তারে বিষয়টি জানান স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা। কাউন্সিলরের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের টহলদারি ভ্যান। পাশাপাশি ঘটনাস্থলে আসেন কাউন্সিলর সুজিত সাহা নিজেও। বনদপ্তরের কোনো রকম অনুমতিপত্র না থাকায় তৎক্ষণাৎ গাছ কাটা বন্ধের পাশাপাশি আটক করা হয় একটি মোটর ভ্যান।
2
কালনায় গড়ে উঠবে বায়োডাইভার্সিটি পার্ক, এলাকা পরিদর্শনে প্রতিনিধি দল
পূর্ব বর্ধমান জেলার কালনায় ভাগীরথী তীরবর্তী এলাকায় বায়োডাইভার্সিটি পার্ক তৈরীর জন্য ডিপিআর তৈরী হবে খুব শীঘ্রই। সেই লক্ষ্যে মঙ্গলবার উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল গঙ্গা বক্ষে পরিদর্শন চালায়। এদিন বায়োডাইভার্সিটির সিনিয়র রিসার্চ অফিসার অনির্বাণ রায় ও আর এক রিসার্চ অফিসার প্রকাশ প্রধানের নেতৃত্বে বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং জেলা পরিবেশ দপ্তর বায়োডাইভার্সিটি বোর্ডের কো-অর্ডিনেটর অরূপ কুমার মাঝি এলাকা পরিদর্শনে আসেন । উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত, উপ পৌরপতি তপন পোড়েল সহ বিশিষ্টজনেরা। কালনার কাটিগঙ্গা এলাকা থেকে কালনা মহকুমা শাসকের বাংলোর পিছন অংশ পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার ভাগীরথীর তীরবর্তী অংশে বায়োডাইভার্সিটি পার্ক তৈরী হবে। বাটারফ্লাই পার্ক, ভেষজ গাছের বাগান, বিভিন্ন ফল ফুলের বাগান, কটেজ সহ নৌকা ভ্রমণের ব্যবস্থা থাকবে। আগত পর্যটকেরা পরিবেশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ বলে জানা গেছে। বিগত কয়েক বছর ধরে পরিযায়ী পাখিরাও এই চড়ে ভিড় জমাচ্ছে। ফলে উপরি পাওনা হিসাবে পরিযায়ী পাখিও দেখতে পারবেন পর্যটকেরা। জানা গেছে, পরিবেশ দপ্তরের উদ্যোগে ও কালনা পৌরসভার সহযোগিতায় এখানেই গড়ে উঠবে বায়োডাইভার্সিটি পার্ক। তারই ডিপিয়ার তৈরীর জন্য একটি উচ্চপর্যায়ের পরিদর্শনকারী দল এদিন গোটা এলাকা পরিদর্শন করে দেখে।
3
এমএলএ কাপ টুর্নামেন্টের উদ্বোধন
বর্ধমানের কাঞ্চননগরে এমএলএ কাপ টুর্নামেন্টের উদ্বোধন হলো। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। আয়োজকদের পক্ষে বিধায়ক খোকন দাস বলেন, মূলত খেলার মাঠে যুবসমাজকে ফিরিয়ে আনা ও তাদের বিভিন্ন খেলায় অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন। (পজ্)
বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ বলেন, এখানে বিধায়ক যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশাবাদী ভবিষ্যতে এখান থেকে অনেক ভালো খেলোয়াড় উঠে আসবেন। এই টুর্নামেন্ট সাফল্যমন্ডিত হোক।


