শিশু শ্রম রোধে প্রশাসনের কাছে আবেদন

 

 

১৪ নভেম্বর শিশু দিবস। আর এই শিশু দিবসের প্রাক্কালে পূর্ব বর্ধমানে শিশু শ্রম নির্মূলের জন্য প্রশাসনিক অভিযানের আবেদন জানিয়ে জেলাশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদের সভাধিপতি সহ সকল মহকুমা শাসকদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। তাদের তরফে সন্দীপন সরকার দাবি করেন, জেলার বিভিন্ন প্রান্তে খাবার বা চায়ের দোকান, ধাবা, ইটভাটা, গ্যারেজ ও রেস্তোরাঁয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিশু ও কিশোরদের নানা কাজে ব্যবহার করা হচ্ছে। দু:স্থ পারিবারিক অবস্থা , অসচেতনতা বা অনান্য কারণে শিশুরা স্বাস্থ্যহানীকর ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে জড়িয়ে পড়ছে। শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের সঠিক মানসিক বিকাশ স্তব্ধ হচ্ছে এবং একদল অসাধু ব্যবসায়ী আর্থিক লাভ তথা ন্যূনতমর চেয়েও কম মজুরিতে শিশু শ্রমিকদের ব্যবহার করছে। সন্দীপন বলেন, তাই শিশু দিবসের প্রাক্কালে ব্লক ও পৌরসভা স্তরে অভিযান চালিয়ে শিশুশ্রম বন্ধ ও শোষণকারীদের শাস্তি দেওয়ার পাশাপাশি, উদ্ধার হওয়া শিশুদের শিক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সাহায্য নেওয়া হোক। তারা তাদের সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছেন বলে জানান সন্দীপন।