প্রতিবছর ১৪ নভেম্বর দিনটি সারা দেশজুড়ে পালন করা হয় শিশু দিবস হিসেবে। এই দিনটিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন শিশু আলয়ে শৌচাগারের উদ্বোধন হলো। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় এই শৌচাগারগুলি নির্মাণ করা হয়েছে শিশু আলয়ে। ইতিমধ্যেই জেলায় ৩৩৯টি শিশু আলয় কেন্দ্রে এই শৌচাগার নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। আরও ৬০০ টির নির্মাণ কার্য চলছে। এগুলো আশা করছি দ্রুত নির্মাণ করা সম্ভব হবে। এর ফলে শিশু আলয়ে আগত শিশুরা ও তাদের মায়েরা খুবই উপকৃত হবেন। বিশ্বনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ সবসময় অগ্রাধিকারের ভিত্তিতে করার কথা বলেন। আমরা এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার প্রচেষ্টা নিয়েছি। এ ব্যাপারে বর্ধমান জেলা পরিষদ যথাযথ সহযোগিতা করে চলেছে।


